১১:৩৯ পি.এম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকের বেতন-ভাতা সাময়িকভাবে স্থগিত রাখার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ জানিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের এই অনুরোধ জানানো হয়েছে। ইউএনও কার্যালয়ে নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে যথাযথভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি অগ্রণী ও সোনালী ব্যাংক পিএলসি-এর ভালুকা শাখার ব্যবস্থাপক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা সালাহউদ্দিন আম্মারের
উপজেলার শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে ভালুকা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি প্রদান করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখতে হবে।
এদিকে, উপজেলা প্রশাসনের এই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহলে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রচলিত এমপিও নীতিমালা অনুযায়ী উপজেলা প্রশাসন শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করার আইনগত এখতিয়ার রাখে কি না, সে বিষয়ে অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন।
মাদরাসা শিক্ষক সমিতির ভালুকা উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া বিধি বহির্ভূত। সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জানানো উচিত ছিল।
এই বিষয়ে ইউএনও মো. ফিরোজ হোসেন জানান, এটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলা হয়েছে এবং পরবর্তীতে ওই বেতন পুনরায় চালু করা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রশাসন সরাসরি বেতন বন্ধের ব্যবস্থা নিতে পারে কি না, বা বিধি মালা রয়েছে কি-না, সে বিষয়ে জানতে চাইলে, নির্বাহী কর্মকর্তা জানান, এটি বিধির বিষয় নয়, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত
ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঞা জানান, উপজেলা প্রশাসন থেকে পাঠানো চিঠিটি তারা হাতে পেয়েছেন। নির্দেশনার ভিত্তিতে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকা উপজেলার মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপজেলার অন্যান্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কাছেও এই বার্তা পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার মান কিছুটা হলেও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কল্যাণ ফোরাম (বাবেশিকফো)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জানান, অনতিবিলম্বে ওই চিঠি প্রত্যাহার করতে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনকে অনুরোধ জানানো হয়েছে। দ্রুত চিঠিটি প্রত্যাহার করা না হলে শিক্ষক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন