প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাহ্ আলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ নভেম্বর, ২০২৬ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে পরিচালিত একটি গবেষণায় প্রজাপতির বৈচিত্র্য রক্ষায় বন্য মধুবাহী উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রকাশিত হয়েছে। এই গবেষণায় ৫৪ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, যা ৬০ প্রজাতির প্রজাপতিকে মধু সরবরাহ করে।
গবেষণার ফলাফল বাংলাদেশে প্রজাপতি সংরক্ষণের প্রচেষ্টায় বন্য মধুবাহী উদ্ভিদ এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
গবেষণাপত্রটির শিরোনাম হচ্ছে ‘বাটারফ্লাই-ওয়াইল্ড নেকটার প্ল্যান্ট ইন্টারঅ্যাকশনস অ্যান্ড ডিএনএ বারকোডিং অব দিজ প্ল্যান্টস ইন বাংলাদেশ।’ এটি বায়োরিসার্চ কমিউনিকেশনস জার্নালের ২০২৬ সালের জুলাই সংখ্যায় প্রকাশিত হয়েছে।
জাবির প্রাণিবিদ্যা বিভাগের মুনতাহেনা রুহি, শ্রাবণী দাস, নূর এ আফসারী এবং অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এই গবেষণাটি যৌথভাবে সম্পন্ন করেছেন।
গবেষকরা ৩০টি পরিবারের অন্তর্ভুক্ত ৫৪ প্রজাতির বন্য মধুবাহী উদ্ভিদ শনাক্ত করেছেন। এর মধ্যে অ্যাস্টারেসি পরিবারের ১১টি প্রজাতি রয়েছে, যা সর্বাধিক। অ্যাকানথেসি ও ভার্বেনেসি পরিবারের প্রজাতি চারটি করে রয়েছে।
গবেষণায় শনাক্ত উদ্ভিদের মধ্যে ১৬ প্রজাতি সারা বছর পাওয়া গেছে এবং এগুলো গবেষণায় নথিভুক্ত ৬০ প্রজাতির সব প্রজাপতিকে মধু সরবরাহ করেছে। এই উদ্ভিদগুলোর মধ্যে ল্যানটানা ক্যামারা, মিমোসা পুডিকা, এজেরাটাম কনিজয়ডিস, ওয়েডেলিয়া ট্রাইলোবাটা এবং রিচার্ডিয়া স্ক্যাব্রা অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্ভিদের বিস্তার নির্ধারণের জন্য গবেষকরা ক্যাম্পাসকে ১০টি অঞ্চলে ভাগ করেছেন। সুইমিংপুলের কাছে সর্বাধিক ৪৯ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে, অন্যদিকে পরিসংখ্যান বিভাগ-সংলগ্ন এলাকায় সর্বনিম্ন ২৮ প্রজাতি শনাক্ত হয়েছে।
গবেষকদের একজন অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন মন্তব্য করেন, গবেষণাটি প্রাথমিকভাবে জাবিতে একটি পরীক্ষামূলক উদ্যোগ হলেও এর ফলাফল সারাদেশে প্রজাপতি সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি উল্লেখ করেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশগত অবস্থা ও অন্যান্য বিষয় অনেকটাই একই রকম। বাংলাদেশের সর্বত্র প্রজাপতি টিকে থাকার জন্য মধুবাহী উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই এসব উদ্ভিদ রক্ষা করা দেশজুড়ে প্রজাপতির জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।’
অধ্যাপক মনোয়ার আরও বলেন, ৫৪ প্রজাতির মধ্যে ১৬টি সারা বছর পাওয়া গেছে এবং এগুলো সম্মিলিতভাবে ক্যাম্পাসে নথিভুক্ত ৬০ প্রজাতির সব প্রজাপতিকে খাদ্য যোগাতে সহায়তা করেছে, যা প্রজাপতি ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক বোঝার গুরুত্ব প্রকাশ করে।
তিনি আরও মন্তব্য করেন, গবেষণার ফলাফল প্রজাপতির সংখ্যা রক্ষা এবং জীববৈচিত্র্য বজায় রাখতে বন্য মধুবাহী উদ্ভিদের উল্লেখযোগ্য অবদান স্পষ্ট করেছে।
অধ্যাপক মনোয়ার বলেন, প্রজাপতি সংরক্ষণে উৎসাহিত করতে জাবিতে বার্ষিক প্রজাপতি মেলাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ মধুবাহী উদ্ভিদ ও তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
গবেষকরা নির্বাচিত উদ্ভিদের পরিচয় নিশ্চিত করতে ম্যাটকে (সধঃক) জিন ব্যবহার করে ডিএনএ বারকোডিংও করেছেন। ছয় প্রজাতির ক্ষেত্রে কাজ সম্পন্ন হয়েছে, বাকি ৪৮ প্রজাতি পরবর্তী ধাপে বিশ্লেষণ করা হবে। অধ্যাপক মনোয়ার বলেন, ডিএনএ বারকোডিং প্রজাতির সঠিক পরিচয় নিশ্চিত করতে এবং বাংলাদেশে জীববৈচিত্র্য মূল্যায়ন ও সংরক্ষণ উদ্যোগকে জোরদার করতে সহায়ক হবে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ৪২১ প্রজাতির প্রজাপতি নথিভুক্ত রয়েছে। এর মধ্যে ১১০ প্রজাতি আগে জাবি ক্যাম্পাসে পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যা ৭২-এ নেমে এসেছে, যা প্রজাপতির আবাসস্থলের অবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
গবেষণায় বলা হয়েছে, মধুবাহী উদ্ভিদ শনাক্ত করা এবং এদের বিস্তার বোঝা কার্যকর আবাসস্থল ব্যবস্থাপনা ও সংরক্ষণ কৌশল প্রণয়নে সহায়ক হতে পারে।
গবেষণায় প্রাকৃতিক উদ্ভিদ রক্ষার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে, আবাসস্থলের ক্ষতি ও বন্য উদ্ভিদ হারিয়ে গেলে প্রজাপতি ও অন্যান্য পরাগায়নকারীর খাদ্যের উৎস কমে যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন