প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ দেশের প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন প্রতিযোগিতায় অংশ নিতে। আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন রিয়েলি।
ফ্লোরিডা থেকে রিয়েলি জানান, আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ মোট ২২টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
জীবনের প্রথম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রিয়েলি বলেন, “প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। এই প্রতিযোগিতা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।”
প্রতিযোগিতায় অংশ নিতে এসে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বন্ধুত্বও তৈরি হয়েছে তার। তিনি জানান, প্রতিদিনই নতুন কিছু শিখছেন। বিশেষ করে ক্যাটওয়াক, র্যাম্পে হাঁটা, মঞ্চে নিজেকে উপস্থাপন, আত্মবিশ্বাস ধরে রাখা এবং ব্যক্তিত্বের প্রকাশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন।
রিয়েলির ভাষ্য, প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবাই বেশ আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। পুরো আয়োজনের অভিজ্ঞতাই তিনি উপভোগ করছেন। তার কাছে এই প্রতিযোগিতা কেবল একটি মুকুট জয়ের লড়াই নয়, বরং নিজেকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলার সুযোগ।
আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। তিনি ‘মেকআপ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়েলি জানান, তার অভিনয়জীবনের গল্প শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বেশ আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন তাঁর অভিনীত চলচ্চিত্রও দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।
এ প্রসঙ্গে রিয়েলি বলেন, “তারা বলেছেন, আমার এই যাত্রা তাদের অনুপ্রাণিত করেছে এবং তারা আমাকে নিয়ে গর্বিত। তাদের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি।”
অভিনয়ই রিয়েলির মূল পেশা। তাই ক্যাটওয়াক ও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ তার কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা। সবকিছুতে এখনো নিখুঁত হয়ে উঠতে না পারলেও প্রতিদিন শেখার চেষ্টা করছেন তিনি। নিজেকে আরও দক্ষ করে তুলতে কাজ করছেন। এ ক্ষেত্রে অন্য দেশের প্রতিযোগীরাও তাকে উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন।
আজ ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবে ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের আসর। গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আগে দেশের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন রিয়েলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন