ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী


‎মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন : পানিসম্পদ মন্ত্রী

‎ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঢাকার ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরী গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।

‎আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, চিত্রাঙ্কনসহ সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ‘৪১৬ বছরে ঢাকা’ ব্যানারে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নতুনভাবে ঢাকাকে মানুষের সামনে তুলে ধরায় ধন্যবাদ জানান তিনি।
‎
‎এ্যানি চৌধুরী আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক সংস্কৃতি চর্চার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চারুকলা ও শিল্পকলা প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। জিয়াউর রহমানের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া দুস্থ শিল্পীদের অনুদান বাড়ানোসহ সাংস্কৃতিক চর্চায় বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সকল কিছু করবেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি

এ সময় ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

‎ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখ।

আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সাথে মতবিনিময় করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। ৯ সেপ্টেম্বর-২০২৬ ইং, বুধবার দুপুর বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে, বন্দরে সম্প্রতি ২৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা ও ২২ নং ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকান্ডসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোরগ্যাংয়ের তান্ডব ও মাদকের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং এসকল ব্যাপারে দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন জানানো হয়৷ এসময় পুলিশ সুপার নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহ-সভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস নেতা আলতাফ হুসাইন, এডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ, আকিব হোসাইন রাকিব, প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিসিইএ’র ২৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে এলএনজি আমদানি করবে বাংলাদেশ।

চুক্তিতে প্রয়োজন হলে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগ রাখার বিধানও থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, দেশের বিশাল জনসংখ্যা আমাদের প্রধান সম্পদ। দেশের উন্নয়নের জন্য জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করার বিকল্প নেই।

 

এই উদ্দেশ্যে শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের কাজ চলছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) প্যারিসে ইউনেসকোর একটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থেকে বিরত থাকার সুযোগ নেই।

 

বিশ্বব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরাও এ ক্ষেত্রে গুরুত্ব সহকারে কাজ করছি। শ্রেণীকক্ষে এআইয়ের কার্যকর ব্যবহারের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে ইতিমধ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তিনি উল্লেখ করেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের জন্য প্রচুর চাহিদা বিদ্যমান। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান উৎস। যদি আমরা তাদেরকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আরো উন্নত হবে। এজন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও যোগাযোগ দক্ষতার উন্নয়নে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষায়ও গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেশের উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন রয়েছে। এজন্য বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা জরুরি। কারণ ইংরেজি সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাবি শিক্ষার্থী আটক

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত শিক্ষার্থীর নাম আসাদুল আলম শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে আসাদুলকে আটক করে আশুলিয়া থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটকের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, হল সংসদের নেতারা ও জাকসুর নেতৃবৃন্দ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসাদুলকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী ও জাকসু নেতাদের সূত্রে জানা যায়, আসাদুলের কক্ষে কয়েক মাস ধরে এক বহিরাগত অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তার কক্ষে গিয়ে ওই ব্যক্তিসহ আসাদুলকে আটক করেন। পরে হল প্রশাসন ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়। তবে জিজ্ঞাসাবাদের সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা আসাদুলের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে।

এসময় ছাত্রলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য ও প্রমাণ পাওয়া যায় বলে জানান তারা। আসাদুলের মুঠোফোনে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, জাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক এনামসহ বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জাকসু নেতারা জানিয়েছেন।

এছাড়া গণঅভ্যুত্থানের সময় জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক হোসনে আরার সঙ্গেও আসাদুলের যোগাযোগ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আসাদুল আমেরিকা থেকে পরিচালিত একটি অনলাইন নিউজ পোর্টালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোর্টালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে প্রচারণামূলক সংবাদ প্রকাশ করতেন আসাদুল।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক খো. লুৎফুল এলাহী বলেন, আসাদুলের রুমে যাকে পাওয়া গিয়েছে, সে আমাদের ছাত্র না, বহিরাগত এবং অগোচরে হলে এসেছিল অনুমতি না নিয়ে। তার থেকে মুচলেকা নেয়া হয়েছে। আর, আসাদুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুস সাত্তার বলেন, আসাদুল নিজে স্বীকার করেছে যে চার-পাঁচ মাস ধরে তার বহিরাগত এক কাজিন তার রুমে অবস্থান করছে, যেটা বেআইনি। এছাড়া, আসাদুলের বিরুদ্ধে আগেও ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল এবং এখনো গোপনে সে এই নেটওয়ার্ক রক্ষা করে যাচ্ছে। হল সংসদ ও জাকসুর নেতাদের তথ্য সে (আসাদ) দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পাঠিয়েছে। তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। তার নামে মামলা হবে এবং প্রচলিত রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দায়ের করেছে এবং মামলা রুজু হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%