ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নগরকান্দায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা


নগরকান্দায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ ক্রয়ের বৈধ ইনভয়েস না পাওয়ার কারণে এই জরিমানা কার্যকর করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নগরকান্দা উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠান তিনটি হলোরায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।

অভিযান সূত্রে জানা যায়, বাজারের ওই তিনটি ফার্মেসিতে তল্লাশি চালানোর সময় নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া, প্রতিষ্ঠানগুলো ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েসও দেখাতে ব্যর্থ হয়। এসব অনিয়মের কারণে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান তিনটিকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: রাজশাহীতে এসএমসির উদ্যোগে দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন সম্পন্ন

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের গানে ভরছে ডিজিটাল দুনিয়া, বাদ দেওয়ার সুবিধা আনছে ডিজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


এআইয়ের গানে ভরছে ডিজিটাল দুনিয়া, বাদ দেওয়ার সুবিধা আনছে ডিজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত গানের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে অনলাইন সংগীত প্ল্যাটফর্মগুলোর মধ্যে। প্রতিদিন হাজার হাজার নতুন এআই গান যুক্ত হচ্ছে এসব প্ল্যাটফর্মে। এই প্রবণতার মধ্যে শ্রোতাদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে ফরাসি সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার। আগামী মাস থেকে প্ল্যাটফর্মটিতে একটি নতুন ফিচার চালু হবে, যার মাধ্যমে শ্রোতারা সার্চের ফলাফল থেকে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান বাদ দিতে সক্ষম হবেন।

সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালেক্সিস লান্তেরনিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এআই দ্বারা তৈরি গানগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার পক্ষে রয়েছেন অধিকাংশ শ্রোতা।

ডিজারের উদ্যোগের পেছনে শ্রোতাদের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি গবেষণা সংস্থা ইপসোসের সহযোগিতায় আটটি দেশের ৯ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই দ্বারা তৈরি গান স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত। এছাড়া, ৭২ শতাংশ সংগীত স্ট্রিমিং ব্যবহারকারী চান, যদি কোনো প্ল্যাটফর্ম তাঁদের এআই দ্বারা তৈরি গান সুপারিশ করে, তবে সে বিষয়েও যেন জানানো হয়।

প্রতিদিন আপলোড হচ্ছে ৯০ হাজার এআই গান। ডিজারের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে প্রতিদিন প্রায় ৯০ হাজার সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান জমা পড়ছে। প্রতিদিন আপলোড হওয়া মোট গানের অর্ধেকেরও বেশি এই ধরনের গান। এক বছর আগে প্রতিদিন এ ধরনের গানের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।

এদিকে, জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ সংগীত স্ট্রিমিং ব্যবহারকারী মনে করেন, তাদের প্লেলিস্টে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি কোনো গান নেই। তবে ডিজারের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, অক্টোবরে অন্যান্য সংগীত প্ল্যাটফর্ম থেকে আসা ৫৩ হাজারের বেশি নতুন গ্রাহকের মধ্যে ৫৭ শতাংশের লাইব্রেরিতে অন্তত একটি সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান ছিল। এই পরিসংখ্যান শুধুমাত্র অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসা নতুন গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য।

সব এআই গান বাদ দেওয়ার সুযোগ নেই। ডিজারের নতুন ফিচারটি কেবল সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গানের ক্ষেত্রে কার্যকর হবে। যদি কোনো গানের কিছু অংশ তৈরিতে এআইয়ের সহায়তা নেওয়া হয়, তবে সেটি এই ফিল্টারের আওতায় আসবে না। কারণ, আংশিকভাবে এআইয়ের সহায়তায় তৈরি গান শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন বলে জানিয়েছেন ডিজারের প্রধান নির্বাহী।

এছাড়া, ডিজার ইতোমধ্যে তাদের সুপারিশব্যবস্থা, প্লেলিস্ট ও চার্ট থেকে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি গান বাদ রেখেছে।

এআই শিল্পীদের সঙ্গে শ্রোতাদের সম্পর্ক কেমন? ডিজারের প্রধান নির্বাহী অ্যালেক্সিস লান্তেরনিয়ের মতে, এআই দ্বারা তৈরি গান পছন্দ হলে শ্রোতারা সেটি অন্য যেকোনো গানের মতোই শুনতে পারেন, এমনকি বারবারও শুনতে পারেন। তবে এআই শিল্পীদের সঙ্গে শ্রোতাদের আবেগের সম্পর্ক তুলনামূলকভাবে দুর্বল থাকে।

তবে এআই দ্বারা তৈরি গানের স্ট্রিমিংয়ের জন্য শিল্পী বা স্বত্বাধিকারীদের অর্থপ্রদানের পক্ষে অবস্থান নিয়েছে ডিজার। লান্তেরনিয়ে বলেন, যদি কোনো গান শ্রোতাদের কাছে মূল্য তৈরি করে এবং তাঁরা সেটি শুনতে চান, তবে প্ল্যাটফর্মে গানটির উপস্থিতির জন্য যথাযথ পারিশ্রমিক দেওয়া প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এআই দ্বারা তৈরি গানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো শনাক্ত করা, চিহ্নিত করা এবং শ্রোতাদের পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণের বিষয়টিও সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে সম্মিলিতভাবে কাজের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে সম্মিলিতভাবে কাজের আহ্বান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি উল্লেখ করেন, জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষা খাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ গবেষণার পরিসর বৃদ্ধি অপরিহার্য।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অধ্যাপক মামুন আহমেদ জানান, ইউজিসি আগামী দুই বছরে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় মাস্টার ট্রেইনার ও জাতীয় পর্যায়ের প্রশিক্ষক তৈরি করা হয়েছে। তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ইতিমধ্যে নবীন শিক্ষকদের জন্য তিন মাসের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিতে জ্ঞানকে উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের মধ্যে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এ প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হলো শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও বোঝাপড়ার ক্ষেত্র তৈরি হওয়া। এই সম্পর্ক ও নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষার রূপান্তরে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিনদের সঙ্গে প্রশাসন, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তোলার পাশাপাশি তাদের ভবিষ্যৎ, প্রত্যাশা ও উদ্বেগের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, পরিবর্তিত শিক্ষণপদ্ধতি ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষকদের পেশাজীবনের প্রতিটি পর্যায়ে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা সহকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে অংশগ্রহণকারী শিক্ষকেরা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে শিল্প খাতের বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজের সুযোগ তৈরি করাও এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

গত ১০ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নেন। আরডিএতে সাত দিনের প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আরো তিন দিনের অ্যাটাচমেন্ট কার্যক্রম সম্পন্ন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে তিন মাসে বেকারত্বের হার কমেছে, তরুণদের সমস্যা মোকাবিলায় প্রতিবেদন প্রকাশের আগে তথ্য উন্মোচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


যুক্তরাজ্যে তিন মাসে বেকারত্বের হার কমেছে, তরুণদের সমস্যা মোকাবিলায় প্রতিবেদন প্রকাশের আগে তথ্য উন্মোচিত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সেপ্টেম্বর মাস পর্যন্ত গত তিন মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার কমে গেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ বিষয়টি উন্মোচিত হয়েছে।

এ তথ্যটি তরুণদের বেকারত্বের সমস্যা মোকাবিলায় সরকারের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশের পূর্বে সামনে এসেছে।

জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তরুণদের বেকারত্বের হার ১৫ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

ওএনএস জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যের সামগ্রিক বেকারত্বের হার আগের ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

লেবার সরকারের সাবেক কর্মকর্তা অ্যালান মিলবার্নের নেতৃত্বে গঠিত একটি পর্যালোচনা কমিটি মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করবে।

‘নিট’ (এনইইটি) নামে পরিচিত তরুণদের সংখ্যা চলতি বছরের শুরুতে ১০ লাখের বেশি হয়ে যায়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সরকার এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের চেয়ে বেশি ‘নিট’ হার ছিল কেবল রোমানিয়ায়। প্রতিবেদনটি মঙ্গলবার পরে প্রকাশিত হবে।

পর্যালোচনা প্রতিবেদনে ২০২৯ সালের মধ্যে দেশজুড়ে স্থানীয় সেবার একটি নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এই নেটওয়ার্কের আওতায় পেশাগত দিকনির্দেশনা, কর্মসংস্থানে সহায়তা, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবহারিক সহায়তা এক জায়গা থেকে প্রদান করা হবে।

সুপারিশ অনুযায়ী, এ ধরনের সমস্যায় থাকা প্রত্যেক তরুণের জন্য একজন নির্দিষ্ট পরামর্শক নিয়োগ করা হবে।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকার এসব সুপারিশ বাস্তবায়নের উপায় পর্যালোচনা করবে। এর মধ্যে ২৫ বছরের কম বয়সীদের কল্যাণ ভাতায় পরিবর্তনের বিষয়টিও থাকতে পারে।

মিলবার্ন বলেন, কল্যাণ ভাতা কমানোর আগে সহায়তা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে ২০৩১ সালের মধ্যে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭০ হাজারে পৌঁছাতে পারে।

এক বিবৃতিতে মিলবার্ন বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতাকে কুপিয়ে জখম


নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৫০) কুপিয়ে এবং পিটিয়ে জখম করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে লোহাগড়া টেলিফোন অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত পলাশ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার নজির শেখের ছেলে।

আহত বিএনপি নেতা পলাশ জানান, মঙ্গলবার দুপুরে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলের গতিরোধ করে রিয়াজুল ও মোঃ পলাশসহ কয়েকজন তাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত করে। হাবিবুর রহমানের ডাকে তারা এ হামলা চালিয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য পলাশকে ঢাকায় নেওয়া হয়েছে। অভিযুক্ত পলাশসহ তার লোকজনও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, বিএনপি নেতা রবিউল ইসলাম পলাশকে জখমের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করছি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম পলাশের ওপর হামলা ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এ ঘটনায় মোঃ পলাশসহ তাদের লোকজনকে দায়ী করেছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে। #

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%