০৯:৪৩ পি.এম
বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সক্রিয় এই মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন ঝড়বৃষ্টি ঘটতে পারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি বজ্রপাতসহ ভারী বৃষ্টির শঙ্কাও রয়েছে অনেক জায়গায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, প্রথম দুই দিন উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে তবে সপ্তাহের মাঝামাঝি (৩ ও ৪ আগস্ট) সময় থেকে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির পরিধি ও প্রবণতা আরও বাড়তে পারে। একইসাথে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
শনিবার (০১ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (০২ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে, এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই সময়ে।
পরে সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়। সেই সাথে, দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়। সেইসাথে, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের অনেক স্থানেই। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ২৪ ঘণ্টায়।
আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর
পরবর্তীতে বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়। সেইসঙ্গে, দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময়ে।
এছাড়া, বর্ধিত পাঁচদিনেও ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে। তবে, বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন