প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দাবি করেছেন যে, দেশে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই। তিনি রোববার এই বক্তব্য দেন।
এর আগে এএফপির একটি অনুসন্ধানী প্রতিবেদনে ইকুয়েডরের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতির তথ্য প্রকাশিত হয়।
এএফপি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে গুয়ায়াকিলের কাছে অবস্থিত তাউরা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি, সেখানে কয়েক ডজন তাবু স্থাপন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রমাণ তুলে ধরা হয়।
এক বছরেরও কম সময় আগে ইকুয়েডরের জনগণ বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাবকে গণভোটে প্রত্যাখ্যান করেছিল। এই পরিস্থিতির মধ্যে তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ইকুয়েডরের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে।
রোববার প্রেসিডেন্ট নোবোয়া গণমাধ্যম প্রতিষ্ঠান ‘আলতাভোজ’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে সেখানে কেবল অস্থায়ী কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, ‘কখনো নির্দিষ্ট কোনো মিশন থাকে, কখনো থাকে বিশেষ কোনো অভিযান। আমরা একসঙ্গে কাজ করি। এটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নয়, এটি ইকুয়েডরের সামরিক ঘাঁটি।’
তবে, সাক্ষাৎকারে নোবোয়া যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যা প্রদান করেননি। তাছাড়া, তিনি তাউরা ঘাঁটি পরিদর্শনের জন্য সাংবাদিকের অনুরোধও এড়িয়ে যান।
এএফপির অনুসন্ধানে দেখা যায়, গত জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি সামরিক ফ্লাইট পরিচালিত হয়েছে। সংবাদমাধ্যমটি সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কিত বিভিন্ন নথিও সংগ্রহ করেছে।
এএফপি আরও একটি চিঠি হাতে পেয়েছে, যা সেপ্টেম্বর মাসে লেখা হয়েছিল। ওই চিঠিতে ইকুয়েডরের তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মাউরিসিও সালাজার সশস্ত্র বাহিনীর কাছে তাউরা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বৈধতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলেন।
পরবর্তীতে সালাজারকে তার পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়। মাদক পাচারবিরোধী আঞ্চলিক লড়াইয়ে কুইটো ও ওয়াশিংটন তাদের সহযোগিতা আরও জোরদার করছে। তবে, ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রকৃত পরিধি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট নোবোয়া দাবি করেন, তাউরা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা কেবল নির্দিষ্ট কিছু অভিযানে অংশ নিয়েছেন, যার মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ড্রোন পরিচালনার কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ইউএস সাউদার্ন কমান্ড এবং ইকুয়েডরের বিমানবাহিনী এ বিষয়ে সংবাদমাধ্যমটির পাঠানো প্রশ্নের কোনো জবাব দেয়নি।
তাউরা ঘাঁটিতে আসা কয়েকটি মার্কিন সামরিক ফ্লাইটের সঙ্গে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের মেরিন কোর এয়ার স্টেশন চেরি পয়েন্ট এবং ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমানঘাঁটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এসব ফ্লাইটের কয়েকটি পুয়ের্তো রিকো ও পানামায় যাত্রাবিরতিও করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন