ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রোহিঙ্গা ক্যাম্পে সোফি, শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আশা শুনলেন


রোহিঙ্গা ক্যাম্পে সোফি, শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আশা শুনলেন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সময় কাটান।

ক্যাম্পে সোফি রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে আলাপ করেন, তাদের জীবনযাপন, শিক্ষা ও কর্মসংস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। রোহিঙ্গা শিক্ষার্থীরা তাকে মিয়ানমারে ফেলে আসা বাড়িঘর ও স্বাভাবিক জীবনের স্মৃতি তুলে ধরে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে।

আরও পড়ুন: লালপুরে কোটি টাকার সড়ক সংস্কারে দুদকের অভিযান

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সোফি সোমবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানানো হয় এবং তিনি সৈকতপাড়ের তারকামানের হোটেলে রাতযাপন করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন এবং সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে ক্যাম্পে পৌঁছান।

ক্যাম্পে পৌঁছে প্রথমে ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনা, পছন্দের বিষয়, ইংরেজি শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করেন। মিয়ানমারে তাদের লেখাপড়ার সুযোগ কেমন ছিল, তাদের অভিভাবকেরা কী করতেন, এসব বিষয়েও আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছবিও তোলেন।

পরে রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত একটি বিশেষায়িত কেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি শুধুমাত্র নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।

এরপর যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে পরিচালিত সাবান তৈরির একটি প্রকল্প ঘুরে দেখেন। সেখানে কর্মরত বাংলাদেশি ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এবং সাবান তৈরির প্রক্রিয়া দেখেন। এ সময় তিনি যুক্তরাজ্যের নাগরিকদের করের অর্থে এ ধরনের সেবা দিতে পারাকে গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: জনস্বার্থে স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

প্রকল্প পরিদর্শনের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় সংস্থা পালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সোফিকে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সফরকালে সোফি রোহিঙ্গাদের জীবিকায়ন, কর্মসংস্থান এবং মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়েও জানতে চান। ক্যাম্পে সেবা অব্যাহত রাখা এবং শরণার্থীদের জন্য সরকারের নীতিমালা সম্পর্কেও খোঁজ নেন তিনি। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে গৃহীত উদ্যোগ ও নীতিগত অবস্থান তুলে ধরা হয়।

পরে ইউএন উইমেন পরিচালিত একটি উইমেন মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। সেখানে নারীদের সঙ্গে আলাপ করেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম সরেজমিনে দেখাই ছিল সোফির সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

আরও পড়ুন: ক্র্যাবের দাবি, সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক

সফরকালে রোহিঙ্গা শিক্ষার্থীরা মিয়ানমারে নিজেদের ফেলে আসা বাড়িঘর, জমিজমা, পুকুর ও গবাদিপশুর স্মৃতিচারণ করে। ক্যাম্পের সীমাবদ্ধ পরিবেশের পরিবর্তে নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছার কথা জানায় তারা।

মো. মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থীরা নানা সংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। শরণার্থী জনগোষ্ঠীর প্রতি ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা রয়েছে। রোহিঙ্গাদের প্রতিও সেই আন্তরিকতার প্রতিফলন ঘটেছে সোফির এই সফরে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা কমিউনিটির সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা।

তবে সফরকালে ভবিষ্যতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সোফি কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি।

আরও পড়ুন: কক্সবাজারে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের দেয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতেও রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যাশার কথা জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জবাব দাবি করেছেন।

 

জামায়াত আমির দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গেল কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবি’র সদর দফতরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর তিন দিন হয়েছে। আজকে দুইজন সেখানে আহত হয়েছেন।’

 

তিনি সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও কথা বলেন, ‘অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।’

দেশে বিভিন্ন বাহিনীর উপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের বিজিবি আছে, আমাদের এসআরবি আছে, আমাদের এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে; আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে।’

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেয়া যাবে না।’

সরকারের উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনও বলছেন, ‘ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব’; আবার দুই দিন পরে বলছেন যে ‘না, এটা অসম্ভব’। একই ব্যক্তি ‘এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে জাতির সামনে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিক বলেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছে। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দফতর থেকে তাকে ফোন করে বলা হয়েছে যে, আপনি জামায়াত ছেড়ে দেন।’

এ ঘটনাকে তিনি ধৃষ্টতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ওই যুগটাতো আর ফিরে আসুক, তা দেখতে চাই না।’

বক্তব্যের শেষে তিনি বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটা দেখতে চাই। এইক্ষেত্রে বিরোধী দল হিসেবে যদি আমাদের কোনো সহযোগিতা সরকার চায়, তা আমরা অত্যন্ত আন্তরিকভাবে, সক্রিয়ভাবে বিবেচনা করে দেখব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র কৃষি ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র কৃষি ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের পর স্লেজিংয়ের কারণে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে এই টুর্নামেন্টের সমাপ্তির পর সংঘর্ষটি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কৃষি অনুষদ বনাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার খেলায় কৃষি অনুষদ বিজয়ী হয়। খেলা শেষে কৃষি অনুষদের শিক্ষার্থীরা মাঠের একপাশে বিজয় উদযাপন করছিলেন, অন্যদিকে ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা মাঠের অপরপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কৃষি অনুষদের একজন শিক্ষার্থী পরাজিত দলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্লেজিং এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন, যা সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।

সংঘর্ষের এক পর্যায়ে কৃষি অনুষদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের কয়েকজন শিক্ষার্থীকে কোমরের বেল্ট দিয়ে পেটানো হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম মন্তব্য করেন, "আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাধারণ মানুষ আওয়ামী বর্বরতার বলি, সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


সাধারণ মানুষ আওয়ামী বর্বরতার বলি, সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে। তিনি বলেন, সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, সরকারের দুর্বলতার কারণে সাধারণ মানুষ আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছে। তিনি বলেন, খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও লেখেন, মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ‍্যাসিস্ট সন্ত্রাসীরা। ফরিদপুরে বাসে আগুন দিয়ে ঘুমিয়ে থাকা নিরীহ নিরপরাধ চালককে খুন করেছে ফ‍্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির পরেও সরকার অত্যন্ত নির্বিকার উল্লেখ করে তিনি বলেন, নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে।

নাহিদ ইসলাম পোস্টে লেখেন, আওয়ামী সন্ত্রাসীদের জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। তার ভাষ্য, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত‍্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বরং ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

শেষে তিনি লেখেন, "আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারাদেশের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজবাড়ীর পাংশায় মাদকসেবী ও বালুখেকো ইউপি সদস্যসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় পাংশার ফুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাংশা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে আইয়ুব আলী (৫২) ও ফুলতলা গ্রামের দুলু শেখের ছেলে ওবাইদুল শেখকে (২৫) তিন মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাগুরাডাঙ্গী গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. মনিরুল ইসলামকে (৪৫) ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

অপরদিকে, কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লক্ষ্মীপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে ইউপি সদস্য তামজিদ মেম্বারকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের মো. জোনাব আলীর ছেলে মো. আলামিন মোল্লা, পুরান শিকজান গ্রামের মো. আকবর আলী মণ্ডলের ছেলে মো. আসাদুজ্জামান (৪৩) এবং পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মো. মান্নান মোল্লার ছেলে মো. সুমন মোল্লাকে (২৫) ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তদের রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%