০৩:৩৯ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, সেই সঙ্গে বিক্ষোভ-গণমিছিলও রয়েছে।
জুলাইয়ের এই কর্মসূচি মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে একটি আলোচনা সভা আয়োজন করা হবে। জেলা ও মহানগরীতে একই কর্মসূচি থাকবে।
আরও পড়ুন: ‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’ রাশেদ খাঁনের মন্তব্য
এছাড়াও ১৮ থেকে ৩১ জুলাই সারাদেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, দোয়া ও জিয়ারত অনুষ্ঠিত হবে। এরপর, ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিষিদ্ধকরণ, এটিএম আজহারের মুক্তি এসব স্মৃতিচারণার উদ্দেশ্যে জেলা ও মহানগরে গণমিছিল করবে দলটি। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ ১১ দলের উদ্যোগে জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও নানা কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। দাবিগুলো হলো— জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।
এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার পার্লামেন্টের মেজরিটি ও গণভোটের মেজরিটি এক নয়। গণভোটের মেজরিটি পার্লামেন্টের মেজরিটির চেয়ে শক্তিশালী। জনগণ সরাসরি ভোটে বিএনপির নোট অব ডিসেন্টকে খারিজ করেছে। কিন্তু বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে ফেলেছে। এখন তারা গণভোটের বিষয়টি একবারও উল্লেখ করছেন না। অথচ তারা তখন গণপ্রতিনিধিত্ব আদেশ, প্রেসিডencyal অর্ডিনেন্স নিয়ে প্রশ্ন তোলেনি।
এসময় তিনি মন্তব্য করেন, সরকার যদি পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটে তবে সেটি আরেকটি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করবে।
আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা
গোলাম পরওয়ার আরও বলেন, বিএনপি নেতারা বলেন জামায়াতের ওপরে ভূত চেপেছে। এখন দেখতে পাচ্ছি তাদের ওপর ভূত চেপেছে। বিএনপি যৌক্তিক কোনো ইস্যু না পেয়ে মুক্তিযুদ্ধের ইস্যুর পুরানো কাসুন্দি ঘাটছে।
তিনি আরো বলেন, কয়েকটি করপোরেট সংবাদমাধ্যম রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এমনভাবে লিখছে যেন তারা রাজনৈতিক মুখপাত্র। দুঃখজনক হলেও সত্য, এসব পত্রিকা ফ্যাসিবাদের দালালি করছে। গণমাধ্যমের কাজ হলো সত্য সাংবাদিকতা এবং তাদের এই অপরিণামদর্শী পথ থেকে সরে আসা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন