প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে রয়েছে চীন। এই উদ্দেশ্যে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। কিন্তু এআই খাতকে কেন্দ্র করে শেয়ারবাজারে তৈরি হওয়া বুদ্বুদ এবং সাম্প্রতিক দরপতন তার পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইয়ারডেনি রিসার্চ সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি চীনের অর্থনীতি এবং শি চিনপিংয়ের নেতৃত্বের জন্য "সত্যিকার অর্থেই বিপজ্জনক মুহূর্ত"। খবরটি প্রকাশ করেছে ফরটুন।
ইয়ারডেনি রিসার্চের একটি বিশ্লেষণী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের প্রযুক্তিনির্ভর স্টার ৫০ সূচক (STAR 50) চলতি গ্রীষ্মে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে ৪৪ শতাংশ কমে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক রেকর্ড উচ্চতা থেকে ১৮ শতাংশ কমেছে। করোনা মহামারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সবচেয়ে খারাপ সপ্তাহ পার হওয়ার পরও চীনের বাজারে পতনের মাত্রা অনেক বেশি দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারের এই পরিস্থিতি শি চিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনায় বড় বাধা সৃষ্টি করেছে। চীনের প্রেসিডেন্টের পরিকল্পনা ছিল সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা। এই অর্থ দিয়ে এআই খাতের সম্প্রসারণে অর্থায়ন করা এবং আবাসন খাতের ওপর অর্থনীতির নির্ভরতা কমানো।
চীনে পরিবারের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ আবাসন খাতে বিনিয়োগ করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ রাখার অন্যতম মাধ্যম ছিল এই খাত। কিন্তু আবাসন খাতের মন্দা ভোক্তাদের চাহিদা কমিয়ে দিয়েছে। দেশটিতে বিভিন্ন সময়ে পণ্যের দাম কমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ কমছে। গত অক্টোবরে আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২২ শতাংশ কমে গেছে।
এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ওপর নির্ভর করছে। পাশাপাশি শেয়ারবাজারে অর্থের জোগান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টিম’ ব্যবহার করছে বেইজিং।
তবে তীব্র প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শুল্ক এবং চীনা পণ্যের কম দাম নিয়ে বাণিজ্য অংশীদার দেশগুলোর উদ্বেগের কারণে দেশটির শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে বলে মনে করছে ইয়ারডেনি রিসার্চ।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, এআই খাতে অর্থায়ন অব্যাহত রাখতে হলে শি চিনপিংয়ের জন্য একটি শক্তিশালী শেয়ারবাজার প্রয়োজন। অন্যথায় এআই খাতও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। অথচ ২০১৩ সাল থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রভাব কমিয়ে বেসরকারি খাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীনা সরকার। এ পরিস্থিতিতে বেসরকারি খাত আরো সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চীনের শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও কমেছে। ২০২০ সালে প্রযুক্তি খাতের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা শেয়ারবাজার থেকে বেশি সুবিধা পান—এমন ধারণা বাজারটির প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দিয়েছে।
এর প্রভাব সাংহাই কম্পোজিট সূচকে দেখা যাচ্ছে। চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ছয় গুণ বেড়েছে, কিন্তু সূচকটি এখনো ২০০৭ সালের অক্টোবরের সর্বোচ্চ অবস্থানে ফিরতে পারেনি।
ইয়ারডেনি রিসার্চের মতে, ২০১৫ সালের শেয়ারবাজার ধসসহ একাধিক বিপর্যয়ের কারণে চীনের অনেক পরিবারের মধ্যে শেয়ারবাজার নিয়ে একধরনের ‘আর্থিক মানসিক আঘাত’ তৈরি হয়েছে। ওই সময় বাজার স্থিতিশীল রাখতে সরকারকে ব্যাপক হস্তক্ষেপ করতে হয়েছিল।
তবে এআই প্রযুক্তিতে চীন এখনো বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। দেশটির শেয়ারবাজারে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু তাদের অনেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয় বৃদ্ধির মাধ্যম হিসেবে নয়, বরং উচ্চ ঝুঁকির জুয়ার ক্ষেত্র হিসেবে শেয়ারবাজারকে দেখেন।
ইয়ারডেনি রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতের বুদ্বুদ ফেটে গেলে শুধু বিনিয়োগকারীদের সম্পদ কমবে না, চীনের প্রযুক্তিগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে আবাসননির্ভর অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে শেয়ারবাজারনির্ভর অর্থনীতি গড়ে তোলার বেইজিংয়ের প্রচেষ্টাও দুর্বল হয়ে পড়বে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন বিশ্বমানের এআই মডেল তৈরি, দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং চিপ খাতে বিপুল অর্থ বিনিয়োগের সক্ষমতা রাখে। কিন্তু দেশটির সাধারণ মানুষ যদি সাংহাইয়ের শেয়ারবাজারকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত জুয়ার আসর হিসেবে দেখে, তাহলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের আদলে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার শি চিনপিংয়ের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।
পুঁজিবাজারের গুরুত্ব বিবেচনায় চলতি মাসের শুরুর দিকে দেশটির স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে প্রধানমন্ত্রী লি ছিয়াং বছরের বাকি সময়ের জন্য পুঁজিবাজার স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
এর আগে শেয়ারের দাম বাড়াতে কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার পুনরায় কেনার (বাইব্যাক) ক্ষেত্রে শর্ত শিথিল করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। একই সঙ্গে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং বড় অঙ্কের শেয়ার বিক্রিতে নিরুৎসাহিত করা হচ্ছে। নতুন শেয়ার বাজারে আসার ফলে বিদ্যমান শেয়ারের মূল্য কমে যাওয়া ঠেকানোই এর উদ্দেশ্য।
এদিকে, চীনের এআই খাতের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত বিধিনিষেধ। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও বিতর্কের পর উন্নত মার্কিন চিপ এবং কম্পিউটিং সক্ষমতায় চীনের প্রবেশাধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন প্রযুক্তি খাতে আরো বিধিনিষেধ আরোপ করেছে।
অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষকেরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছেন, চীনে পরোক্ষভাবে চিপ সরবরাহ এবং বিদেশের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ—দুই ক্ষেত্রেই নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধ চীনের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর প্রযুক্তিগত অগ্রগতির গতি কমিয়ে দিতে পারে। একই সঙ্গে দেশটিতে এআই প্রযুক্তির বিস্তারও বাধাগ্রস্ত হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন