০৪:২২ পি.এম
টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ আশপাশের এলাকা। রবিবার ভোর পর্যন্ত সেখানে প্রবল বর্ষণ হয়। যদিও সকাল নাগাদ বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসে, তবে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে।
আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বাই পৌর করপোরেশন (বিএমসি) নগরবাসীকে আহ্বান জানিয়েছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করপোরেশনের হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বিএমসির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটার থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটারও ছাড়িয়েছে।
আরও পড়ুন: মাঝআকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিলো সউদী প্রতিরক্ষাব্যবস্থা
সবচেয়ে বেশি ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ভিখরোলি পশ্চিমের বিল্ডিং প্রপোজাল অফিস এলাকায়। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশনে ৩০৬ দশমিক ৬ মিলিমিটার এবং ভিখরোলির ঠাকুর নগর মিউনিসিপ্যাল স্কুল এলাকায় ৩০১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মালাবার হিল, কোলাবা, মান্দাভি, মেমনওয়াড়া, ভিখরোলি ফায়ার স্টেশন, পাওয়াই, ভান্ডুপ, আন্দেরি, চাকালা, জোগেশ্বরী এবং গোরেগাঁওয়ের আরে কলোনিসহ একাধিক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
শনিবারের টানা বর্ষণে মুম্বাইয়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে, গাছ উপড়ে গেছে, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে পার্শ্ববর্তী থানে, পালঘর, নবি মুম্বাই এবং পুনে অঞ্চলেও। এসব এলাকায় ভূমিধস এবং জলাবদ্ধতার কারণে সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্লাবিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
আইএমডি জানিয়েছে, রবিবারও মুম্বাই ও আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিএমসি থেকে। স্থানীয় সময় রবিবার বিকাল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ার এবং সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, রবিবার সকালে মেট্রো ও বিএসটি বাস চলাচল স্বাভাবিক থাকলেও, উপনগরীয় ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ উঠেছে। শনিবার জলমগ্ন রেললাইনের কারণে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলওয়ের উপনগরীয় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটির কারণে মেট্রোর ২এ লাইনের পরিষেবাও কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সিইও’র বিরুদ্ধে তদন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন