০২:০০ পি.এম
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ৯ জনের মৃত্যুতে প্রশাসন কঠোর মনোভাব প্রকাশ করেছে। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী— পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং রাজ্য মন্ত্রীসভার সদস্য পূর্ণিমা চক্রবর্তী।
ঘটনাস্থল পর্যবেক্ষণ করার পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। তিনি বলেন, বেআইনি কার্যকলাপ এবং সুরক্ষাবিধি অমান্য করার ক্ষেত্রে সরকার বিন্দুমাত্র আপস করবে না।
তাপস রায় গণমাধ্যমের সামনে বলেন, এ ধরনের মর্মান্তিক বা বিপজ্জনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট— আমরা 'জিরো টলারেন্স' নীতিতে চলব।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি আরো উল্লেখ করেন, শহরের আনাচে-কানাচে শতাধিক এবং হাজার হাজার বাড়ি ও গেস্ট হাউস রয়েছে। এগুলোর মধ্যে প্রয়োজনীয় পারমিশন, লাইসেন্স বা অগ্নিনির্বাপক ছাড়পত্র আছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। নিয়ম অমান্য করে বেআইনিভাবে চলা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জড়িতদের গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে।
নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহতরা কোথাকার বাসিন্দা, কী উদ্দেশ্যে তাঁরা সেখানে এসেছিলেন— এ সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পৌরসভা ও স্থানীয় প্রশাসনের গাফিলতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পৌরসভা বা মেয়রের যদি কোনো ভুল বা গাফিলতি থাকে, তবে সেটাও চাপা দেওয়ার সুযোগ নেই। যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও উল্লিখিত করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত ত্রাণ, উদ্ধারকার্য ও তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
উল্লেখ্য, বুধবার ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস এবং পুলিশের দীর্ঘ তৎপরতায় প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়। তবে ৯ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন