প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। শুক্রবার সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৮৯। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল, যেখানে একিউআই স্কোর ২৯৭। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার স্কোর ২৯৩। ভারতের দিল্লি তৃতীয় স্থানে অবস্থান করছে ২৬৪ স্কোর নিয়ে এবং কলকাতা চতুর্থ স্থানে রয়েছে ২৩৪ স্কোর নিয়ে। ষষ্ঠ স্থানে কাতারের দোহার স্কোর ১৮৪।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে মনে করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-কে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে দেখা হয়। স্কোরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসে দূষণের মাত্রা এবং স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়।
বায়ুদূষণের ফলে শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসকষ্ট ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। অস্বাস্থ্যকর বায়ুতে দীর্ঘ সময় অবস্থান করলে সুস্থ মানুষেরও শ্বাসতন্ত্রের সমস্যা, কাশি এবং চোখে জ্বালাপোড়া দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাইরে চলাফেরা সীমিত রাখতে, বিশেষ করে ব্যায়াম বা ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং বাইরে বের হলে উপযুক্ত সুরক্ষামূলক মাস্ক ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন