প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডা থেকে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, আরো ১ হাজার ৩শ ৬৮ জন বাংলাদেশি দেশত্যাগের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে (রিমুভাল-ইন-প্রোগ্রেস) রয়েছেন। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য প্রকাশিত হয়েছে।
সিবিএসএ-এর তথ্য অনুসারে, গত ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত কানাডা বিশ্বব্যাপী মোট ১৪ হাজার ৮শ ৯৭ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে। এই তালিকায় ভারতের নাগরিক সংখ্যা শীর্ষে রয়েছে, যা ৪,২২৭ জন, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, যার সংখ্যা ২,২৮২ জন।
এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন, এবং রোমানিয়া থেকে ৪৩৩ জনকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাব অনুযায়ী, ২২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর ফলে বাংলাদেশ শীর্ষ ১০ দেশের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছিল, যা আগস্ট শেষে ৩৪০ জনে দাঁড়িয়েছে।
অপসারণের প্রধান কারণগুলোর মধ্যে অভিবাসন আইন না মানার ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে। এই কারণে, আশ্রয়ের আবেদন করার পরও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সিবিএসএ।
আশ্রয়প্রার্থী নন এমন আরো ১ হাজার ৭৯৪ জনের ক্ষেত্রেও একই কারণ উল্লেখ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনের অপসারণ ঘটেছে।
বহিষ্করণ আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।
এদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় মোট ৪৯ হাজার ৫৩৬ জন ছিলেন। এর মধ্যে ভারতের নাগরিক সংখ্যা ১০ হাজার ২৯৫ এবং মেক্সিকোর নাগরিক সংখ্যা ৬ হাজার ১০২। বাংলাদেশ ১ হাজার ৩৬৮ জন নিয়ে এ তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন