প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ঈদগাঁওয়ে মিয়ানমার থেকে আসা একজন রোহিঙ্গার নামে দেওয়া বিতর্কিত বাংলাদেশি জন্মনিবন্ধন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইন জন্মনিবন্ধন যাচাই ব্যবস্থায় অনুসন্ধান চালিয়ে দেখা যায় যে, ওই নিবন্ধনটি আর পাওয়া যায়নি।
সরকারি নথির তথ্য অনুযায়ী, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের (৬নং ওয়ার্ড) বাসিন্দা মোহাম্মদ ছলিম মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত। তিনি প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে এসে ওই গ্রামে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে তিনি একই গ্রামের মৃত হাবিব উল্লাহর কন্যা মোস্তফা খাতুনকে বিবাহ করেন।
নথিপত্রে দেখা যায় যে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ২০০৮ সালের ১০ জুলাই তাঁর নামে জন্মনিবন্ধন প্রদান করে। নিবন্ধনে জন্মতারিখ হিসেবে উল্লেখ করা হয় ৪ মার্চ ১৯৬৫, এবং পিতা-মাতা হিসেবে উল্লেখ করা হয় মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগম, দুজনের জাতীয়তা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। নিবন্ধন নম্বর ১৯৬৫২২১২৪৪২০১৫৪০৩। ২০২১ সালের ৮ জুন তাঁকে সনদের প্রতিলিপি প্রদান করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর, উল্লিখিত পিতা-মাতার পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের ভিত্তিতে এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। নাগরিক উদ্যোগে ২০২৫ সালের ২১ এপ্রিল মোহাম্মদ ছলিম ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি নিজের পরিচয় মিয়ানমারের নাগরিক হিসেবে তুলে ধরেন এবং আসল তথ্য গোপন করে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করে জন্মনিবন্ধন তৈরির কথা স্বীকার করেন। ইউএনওর ২১ এপ্রিলের নির্দেশনার পর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করে ২০২৫ সালের ২৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনে বলা হয়, আবেদনকারীর পরিবার এবং স্থানীয় ১০ গণ্যমান্য ব্যক্তির জবানবন্দির ভিত্তিতে ছলিম তথ্য গোপন করে জন্মনিবন্ধন করিয়েছেন এবং জন্মনিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠান। ২০২৫ সালের ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক বিষয়টি বাতিলের পরবর্তী ব্যবস্থার জন্য ঢাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রেরণ করেন। এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরও ওই জন্ম নিবন্ধনটি প্রায় দেড় বছর অনলাইন থেকে মুছে ফেলা হয়নি। একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলে আজ ১২ নভেম্বর জন্ম নিবন্ধনটি বাতিল করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন