প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাইবান্ধার সাদুল্লাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোলংবাজার হাইস্কুল মাঠে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি জনবহুল হয়ে ওঠে।
কর্মসূচির সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক, যাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে নারকেলের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনের পর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুম, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহার আলী এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী আমিনুর রহমান প্রধানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সরকারের ঘোষিত এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন