প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার, ২১ অক্টোবর, ২০২৬ : সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো জ্বালানি সংকট মোকাবিলা, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা।
আজ কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত একটি বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে সীমিত আকারে কার্যকরী থাকা বায়োগ্যাস কার্যক্রমকে দেশের বিভিন্ন স্থানে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে, সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি বুকলেট তৈরি করা হবে। মাঠ পর্যায়ে বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হবে।
অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করতে দু’জন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজ প্রকৃত চালিকাশক্তি। তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও জানান, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুব উন্নয়ন কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকীকরণ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো সময়োপযোগী খাতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
বায়োগ্যাস উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি সেবা দেশের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন