প্রিন্ট এর তারিখঃ ২৫শে অক্টোবর, ২০২৬ইং; ১০:১৯ এম || প্রকাশের তারিখঃ ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ইং; ১১:২৯ পি.এম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আরিফুল ইসলাম
সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়কারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি দাবি করছি।
প্রকাশিত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। আমি কারও কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কোনো টাকা আদায় করিনি। প্রতিবেদনে ২৯ হাজার টাকা নেওয়ার যে অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেটিও সঠিক নয়। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মীমাংসার উদ্দেশ্যে সামান্য অর্থ নেওয়ার বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া প্রতিবেদনে আমাকে ‘নিষিদ্ধ যুবলীগ নেতা’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আমার রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেটিও সঠিকভাবে যাচাই না করেই প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি।
প্রকাশিত সংবাদে আমার বক্তব্য নেওয়া হলেও, আমার বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। বিশেষ করে ভিডিও ধারণের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, সেটিও অসম্পূর্ণভাবে তুলে ধরে পাঠকের কাছে ভিন্ন ধারণা সৃষ্টি করা হয়েছে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, কারও সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা আদায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে আমি জড়িত নই। প্রকাশিত সংবাদের মাধ্যমে আমার সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করা হোক এবং প্রকাশিত সংবাদের অসত্য বা বিভ্রান্তিকর অংশের যথাযথ প্রতিবাদ ও সংশোধনী প্রকাশ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে আমার বক্তব্য ও ঘটনার প্রকৃত তথ্য যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"