প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং সন্ত্রাসহীন মহানগর হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ ও সাংবাদিকদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।
তিনি উল্লেখ করেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং তথ্যের আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, "মাদক সন্ত্রাস ও অপরাধীদের সাথে কোন প্রকার আপোষ নয়।"
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং দ্রুত তথ্য সরবরাহের ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।
বিভিন্ন বিষয় তুলে ধরে সাংবাদিকরা বলেন, গাজীপুর শুধুমাত্র একটি শিল্পনগরী নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানে লাখ লাখ শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের বসবাস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কর্মসংস্থানের জন্য এ নগরীতে আসছেন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মহানগরের বিভিন্ন এলাকায় মাদক কারবারকে বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সাংবাদিকরা বলেন, মাদকের উৎস, সরবরাহকারী, মূল কারবারি ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
একই সঙ্গে কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী চক্র এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ছিনতাই, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, শিল্পকারখানাসংলগ্ন এলাকা ও নির্জন স্থানে নিয়মিত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে রাতে কর্মস্থল থেকে ফেরা শ্রমিক, নারী, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবহন খাত, ফুটপাত ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি প্রতিরোধেও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।
থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অভিযোগ গ্রহণ, সাধারণ ডায়েরি, মামলা ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকরা।
পুলিশ ও সাংবাদিকদের সম্পর্কের বিষয়ে সভায় বলা হয়, সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নন, বরং অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী। কোনো ঘটনা ঘটার পর সঠিক তথ্যের অভাবে যাতে বিভ্রান্তি ও গুজব না ছড়ায়, সে জন্য জিএমপির পক্ষ থেকে দায়িত্বশীল মুখপাত্র বা গণমাধ্যম সমন্বয়কারী কর্মকর্তার মাধ্যমে দ্রুত ও নিয়মিত তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়।
উল্লেখ্য, ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণকারী আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা রেঞ্জ, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদকে ভূষিত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন