প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভৈরব পাড়ে গড়ে ওঠা নগরীর মানুষের জীবন থেকে যেন হারিয়ে গেছে স্বস্তি। সকাল থেকে গভীর রাত, প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, সন্ত্রাস, অস্ত্রের মহড়া, কিশোর গ্যাং ও হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ক্রমেই অস্থির হয়ে উঠছে একসময়ের শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা। অপরাধের ভয়ে ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসফেরত মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিক, কেউই যেন নিরাপদ বোধ করছেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেরি হলে কিংবা নির্মাণকাজ বন্ধ থাকলে এলাকাবাসীর মনে প্রথমেই প্রশ্ন জাগে, চাঁদা দিতে না পারায় কি কাজ বন্ধ?
নতুন করে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা। বিদ্যমান ব্যবসার পরিধি বাড়াতেও অনীহা দেখা দিয়েছে অনেকের মধ্যে। অন্যদিকে, চাকরিজীবীদের একাংশও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পোশাক-পরিচ্ছদ কিংবা চলাফেরায় স্বাভাবিক জীবনযাপন করতেও কারও কারও মধ্যে তৈরি হয়েছে অজানা ভয়। নগরীর পাড়া-মহল্লায় নতুন নতুন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা এবং তাদের সঙ্গে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এসব গ্রুপের হাতে দেশি-বিদেশি অস্ত্র রয়েছে। যা মাঝে মধ্যে পুলিশের তৎপরতায় উদ্ধার হচ্ছে।
গণঅভ্যুত্থানের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে একাধিকবার পরিবর্তন এসেছে। পরিবর্তন হয়েছে এসপি। থানাগুলোতেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল হয়েছে কয়েক দফায়। কিন্তু নগরবাসীর অভিযোগ, নেতৃত্ব ও দায়িত্বে পরিবর্তন এলেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান স্বস্তি ফিরছে না। বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার ভয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। ভয়ে অনেকেই মুখ খুলছেন না, অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না।
নগরীর হাজী মোহাম্মদ মহসিন রোডের এক বাসিন্দা জানান, তাঁর বাড়ির দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছিল। এ সময় একটি সন্ত্রাসী বাহিনী তিন লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ রাখতে হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে চাঁদাবাজির ভয়ে তিনি স্বাভাবিকভাবে বাড়ির কাজ চালিয়ে যেতে পারছেন না।
নগরীর মোল্লাপাড়া এলাকার আরেক ভুক্তভোগীর অভিজ্ঞতা আরও উদ্বেগজনক। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন তিনি। প্রবাসে জেল খেটে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দেশে ফেরার পর তাঁর কাছেও চাঁদা দাবি করেছে একটি সন্ত্রাসী গ্রুপ। বিদেশের দুর্ভোগ পেরিয়ে দেশে ফিরেও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ প্রশাসন বলছে, কেউ অভিযোগ করছে না। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, প্রশাসন কাজ করতে পারছে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। চাঁদাবাজির অভিযোগ জানানোর পরও নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন নগরীর সোনাডাঙ্গা এলাকার এক বাসিন্দা। তাঁর ভাষ্য, পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ভয়েস মেসেজ ও লিখিত বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু পরে দেখতে পান, তাঁর পাঠানো সেই ভয়েস ও মেসেজ পৌঁছে গেছে অভিযুক্ত সন্ত্রাসীর মোবাইল ফোনে। অভিযোগের বিষয়টি দেখিয়ে ওই ব্যক্তি তাঁর কাছে আরও বেশি চাঁদা দাবি করেন। প্রাণভয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন তিনি।
এই অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নাগরিকের তথ্যের গোপনীয়তা ও অভিযোগকারীর নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। এরফলে মানুষের কাছে পুলিশের উপর বিশ্বাস ও আস্থা নষ্ট হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। মানুষের মধ্যে আইন ও শাসনের প্রতি শ্রদ্ধা এবং অপরাধের পরিণতি নিয়ে ভয় কমে গেলে অপরাধপ্রবণতা বাড়ে। তিনি আরও বলেন, মাদক ও হত্যা মামলার আসামিরা দ্রুত জামিন পেয়ে গেলে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাছাড়া এসব সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন রাজনৈতিক দল বা নেতাকর্মীর আশ্রয়ে রয়েছে বলে জানাযায়।
তিনি মনে করেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশি অভিযান নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মাদক ব্যবসার নেটওয়ার্ক ভেঙে দেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রুপ শনাক্ত, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা জরুরি। পাশাপাশি অভিযোগকারীর পরিচয় ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে আরও নিরুৎসাহিত হবেন।
খুলনার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এখন বড় প্রশ্ন, এই নগরীতে নিরাপদে ব্যবসা করা, বাড়ি নির্মাণ কিংবা স্বাভাবিক জীবনযাপন করার নিশ্চয়তা কোথায়?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন