ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জুমাবারে পালনীয় ১০টি আমল


জুমাবারে পালনীয় ১০টি আমল

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দৌড়ের মধ্যে কাটে। ক্লাস, কাজ, রোজগার, পরিবার এবং অসংখ্য দুশ্চিন্তা নিয়ে দিনগুলো চলে যায়। তখন মনে হয়, কিছু সময় থামা দরকার। সেই থামার দিনটি হচ্ছে জুমা। জুমা কেবল দুপুরে মসজিদে গিয়ে নামাজ পড়ে ফিরে আসার বিষয় নয়। এটি হচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়ার, মনকে শান্ত করার এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার একটি পূর্ণ দিন। নবীজি (সা.) বলেছেন, ‘সূর্য যে দিনে ওঠে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমা। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এ দিনেই তাঁকে সেখান থেকে বের করা হয়েছে, আর কিয়ামতও জুমার দিন ছাড়া অন্য কোনো দিনে হবে না।’ (মুসলিম : ৮৫৪)

নিচের ১০টি আমল একসঙ্গে করা সবার জন্য সহজ নাও হতে পারে। তবে এতে ক্ষতি নেই। যেটুকু সম্ভব, নিয়মিত সেটুকুই করুন; দেখবেন, সপ্তাহগুলো আগের মতো একঘেয়ে লাগবে না, বরং ভালো বোধ করবেন।

১. ফজর দিয়ে শুরু করুন এবং সুরা সাজদা ও সুরা ইনসান পড়ুন

আরও পড়ুন: আদর্শ সন্তান গঠনে মা-বাবার অপরিসীম দায়িত্ব ও কর্তব্য

ঘুম থেকে উঠে ফোন হাতে না নিয়ে সেদিন সরাসরি অজুর পানির কাছে যান। জামাতের সঙ্গে ফজর পড়ে একটু জিকির করুন, অথবা কোরআনের দু-চারটি আয়াত পড়ুন। দিনের প্রথম ঘণ্টা যদি ইবাদতে কাটে, তাহলে বাকি দিনের মনও অন্যরকম থাকে। নবীজি (সা.) জুমার দিন ফজরে সুরা সাজদা ও সুরা ইনসান পড়তেন। (মুসলিম : ৮৭৯)

২. সুরা কাহফ পড়ুন

জুমার দিনের সবচেয়ে পরিচিত আমলগুলোর মধ্যে এটি একটি। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মাঝে নূর হবে।’ সময় থাকলে অর্থসহ ধীরে ধীরে পড়ুন। এতে শুধু তিলাওয়াত নয়, ভাবনারও খোরাক হবে।

৩. জুমার জন্য গোসল করুন

আরও পড়ুন: সন্ধ্যা নামলেই মহানবী (সা.) এর ৫টি সতর্কতা অবলম্বন করুন

নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন জুমার জন্য আসবে, তখন সে যেন গোসল করে।’ (বুখারি : ৮৭৭; মুসলিম : ৮৪৪) এটি কেবল শরীর পরিষ্কার করার বিষয় নয়। এটি নিজের মনকে মনে করিয়ে দেওয়া—‘আজ আমি আল্লাহর ঘরে যাচ্ছি, তাই নিজের যত্ন নিচ্ছি।’

৪. সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার করুন

পরিচ্ছন্নতার সঙ্গে একটু সুগন্ধি জুমার সৌন্দর্য বাড়ায়। নবীজি (সা.) বলেছেন, ‘জুমার দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্কের কর্তব্য, আর সে যেন মিসওয়াক করে এবং সুগন্ধি পেলে ব্যবহার করে।’ (বুখারি : ৮৮০; মুসলিম : ৮৪৬) আতর হোক বা পারফিউম, যা হাতের কাছে আছে, পরিমিতভাবে ব্যবহার করুন।

৫. পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরুন

আরও পড়ুন: মরণের পর আমলনামায় যোগ হতে থাকে ৩ কাজের সওয়াব

দামি কাপড়ের প্রয়োজন নেই, বরং গোছানো ও পরিষ্কার পোশাকের প্রয়োজন। আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে আদমসন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা আল-আ’রাফ : ৩১)

এখানে সুন্দর পোশাক মানে দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্ন ও শালীন পোশাক। জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে ময়লা কাপড়ে দেখে বললেন, ‘এ কি এমন কিছু পায়নি, যা দিয়ে সে তার কাপড় ধুয়ে নিতে পারে?’ (আবু দাউদ : ৪০৬২)

আরেকটি হাদিসে এসেছে : এক সাহাবি বললেন, ‘মানুষ চায় তার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর হোক—এটাও কি অহংকার?’ নবীজি (সা.) বললেন, ‘আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (মুসলিম : ৯১)

মূল কথা হলো, আল্লাহর সামনে দামি কাপড় নিয়ে নয়, বরং পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো হয়ে দাঁড়ানো উচিত।

আরও পড়ুন: ধর্মচর্চায় কেন রয়েছে বৈপরীত্য?

৬. একটু আগে মসজিদে যান

অনেকেই খুতবা শুরুর মুহূর্তে বা মাঝপথে পৌঁছান। অথচ আগে যাওয়ার পুরস্কার অনেক বড়। নবীজি (সা.) বলেছেন, ‘জুমার দিন ফেরেশতারা মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে আগে আসা মানুষের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে, সে যেন একটি উট কোরবানি করল। তারপর যে আসে, সে একটি গরু; এরপর একটি ভেড়া; তারপর একটি মুরগি; আর পরে যে আসে, সে একটি ডিম দান করল।’ (বুখারি : ৮৮১) আগে গেলে নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়ার সময়টাও পাওয়া যায়।

৭. বেশি বেশি দরুদ পড়ুন

এটি সবচেয়ে সহজ, অথচ বরকতে ভরা আমল। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের সর্বোত্তম দিন জুমা... তাই এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (আবু দাউদ : ১০৪৭; ইবনে মাজাহ : ১০৮৫)

আরও পড়ুন: অলসতা দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর গুরুত্বপূর্ণ দোয়া

৮. খুতবা মন দিয়ে শুনুন

খুতবা কেবল বক্তৃতা নয়, বরং এটি ইবাদতেরই অংশ। নবীজি (সা.) বলেছেন, “ইমাম খুতবা দেওয়ার সময় তুমি যদি পাশের জনকে বলো ‘চুপ করো,’ তাহলে তুমিও অনর্থক কথা বলে ফেললে।” (মুসলিম: ৮৫১; বুখারি : ৯৩৪) তাই নীরব থাকুন, মন দিয়ে শুনুন; এবং কথাগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন।

৯. আসর ও মাগরিবের মাঝের দোয়া

জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যখন দোয়া কবুলের বিশেষ আশা করা যায়। নবীজি (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় সেই সময়ে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা দান করেন।’ (বুখারি : ৯৩৫) অনেক আলেমের মতে, সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। সূর্য ডোবার আগের এই শান্ত সময়ে নিজের জন্য, পরিবারের জন্য এবং ঈমান, ক্ষমা, রিজিক ও আখিরাতের জন্য প্রাণ খুলে দোয়া করুন।

আরও পড়ুন: মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমা পড়াবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার

১০. পরিবারকে নিয়ে দিনটা সুন্দর করুন

জুমা কেবল মসজিদের নয়, বরং ঘরেরও। একসঙ্গে খেতে বসুন, সন্তানদের সময় দিন, জীবনসঙ্গী ও পরিবারের সবার সঙ্গে কোমল আচরণ করুন। মসজিদে ইবাদত করে ঘরে রূঢ় হলে জুমার আসল প্রাণটাই হারিয়ে যায়। যারা পারেন, জুমার আগের বা পরের রাতে তাহাজ্জুদও পড়তে পারেন। রাতের নীরবতায় কিছুক্ষণ আল্লাহর সঙ্গে একা থাকা, কোরআন পড়া বা দোয়া করা মনকে গভীরভাবে শান্ত করে। সবাই সব পারবে না—যা পারা যায়, তা নিয়মিত করাই আসল।

জুমার দিনটিকে কেবল সাপ্তাহিক নামাজের দিন হিসেবে না রেখে সাপ্তাহিক আত্মশুদ্ধির দিন বানাতে পারলে জীবনও ধীরে ধীরে বদলে যেতে পারে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জুমার আমলগুলো করার তাওফিক দিন। আমিন।

লেখক : শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের পরও চলছিল লড়াই, অবশেষে সমঝোতায় ব্র্যাড ও জোলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


বিচ্ছেদের পরও চলছিল লড়াই, অবশেষে সমঝোতায় ব্র্যাড ও জোলি

হলিউডের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে শুরু করে বিয়ের পর বিচ্ছেদ পর্যন্ত, দীর্ঘ সময় ধরে তাঁরা আলোচনায় ছিলেন। বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে আইনি বিরোধ চলছিল। অবশেষে সেই বিরোধের অবসান ঘটেছে। ফ্রান্সে যৌথভাবে কেনা ওয়াইনারির মালিকানা ও শেয়ার বিক্রির বিষয় নিয়ে চলা মামলা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সাবেক এই দম্পতি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই তারকার প্রতিনিধিরা সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সমঝোতার শর্তাবলী কিংবা আর্থিক লেনদেনের বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পরিবারের স্বার্থের কথা বিবেচনা করে তাঁরা আদালতের বাইরে বিরোধটি মিটিয়ে নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো মন্তব্য না করার সিদ্ধান্তও নিয়েছেন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় ঘটে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিংয়ের সময়। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তখন ব্র্যাড পিটের সঙ্গে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সংসার ছিল। পরে জেনিফারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন পিট।

একপর্যায়ে তাঁরা হলিউডের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত এই জুটি দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন। তাঁদের ছয় সন্তান রয়েছে। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

কিন্তু বিবাহবিচ্ছেদের পরও তাঁদের বিরোধের অবসান হয়নি। ফ্রান্সে অবস্থিত ‘শ্যাটো মিরাভাল’ নামের ওয়াইনারির মালিকানা ও ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে নতুন জটিলতা তৈরি হয়। সম্পত্তিটির নিয়ন্ত্রণ এবং শেয়ার বিক্রির অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

জোলি ওয়াইনারিতে নিজের অংশ রাশিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘স্টোলি গ্রুপ’-এর একটি ইউনিটের কাছে বিক্রি করেন। ব্র্যাড পিটের অভিযোগ ছিল, এই বিক্রির মাধ্যমে তাঁদের মধ্যে থাকা পারস্পরিক চুক্তি লঙ্ঘন করেছেন জোলি। এই অভিযোগে তিনি মামলা করেন। অন্যদিকে, পিটের বিরুদ্ধে পাল্টা মামলা করেন জোলি। তাঁর অভিযোগ, পিট প্রতিহিংসাপরায়ণ আচরণ করেছেন।

মামলার নথিতে জোলির আইনজীবীরা আরও দাবি করেন, গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ নিয়ে নীরব থাকার শর্তে একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে রাজি না হওয়ায় পিট তাঁর অংশ কিনে নিতে অস্বীকৃতি জানান।

এ ছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্রান্সে যাওয়ার পথে ব্যক্তিগত বিমানে এক সন্তানের গলা চেপে ধরা এবং আরেক সন্তানকে আঘাত করার অভিযোগও উঠেছিল পিটের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের ঘটনায় কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি।

দীর্ঘদিন ধরে চলা সম্পত্তি ও আইনি বিরোধের পর এবার আদালতের বাইরে সমঝোতায় পৌঁছালেন হলিউডের সাবেক এই তারকা দম্পতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে আ.লীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ময়মনসিংহে আ.লীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক তালা ও দরজা ভেঙে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করা হয়। তবে রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের বিরুদ্ধে।

এই ঘটনার পর ২৪ নভেম্বর গভীর রাতে অর্থ লেনদেনের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ এবং রহস্যের দানা বেঁধেছে।

ডা. মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন ‘নিরাময় ক্লিনিকে’ আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক হয় এমন তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর গভীর রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের একটি পুলিশ দল সেখানে অভিযান চালায়। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে সেখান থেকে ডা. মমিনুর রহমান জিন্নাহকে হাতেনাতে আটক করা হয়। তবে রহস্যজনক কারণে তাকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়ে চলে আসে পুলিশ।

স্থানীয়দের ক্ষোভের মধ্যে, ডা. জিন্নাহর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা অপরাধ না-ই থাকে, তবে এত বড় পুলিশ বহর নিয়ে তার ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙার কারণ কী। আর আটক করার পর কীসের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি মডেল থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।

ঘটনার বিষয়ে জানতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কয়েকজন গণমাধ্যমকর্মী কোতোয়ালি মডেল থানায় ওসির কক্ষে গেলে তিনি সাংবাদিকদের ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেন, অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এত বড় অভিযানে কাউকে আটকের পর ছেড়ে দেওয়ার কোনো আইনি এখতিয়ার ওসির নেই। কোনো আসামি অসুস্থ থাকলে সে বিষয়ে একমাত্র সিভিল সার্জন এবং আদালত সিদ্ধান্ত দেবেন।

এ ঘটনার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক। তিনি বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তার প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই; বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনে আমরা বিষয়টি উত্থাপন করব।

ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

তিনি আরও বলেন, ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুঁটির জোর কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জি নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের নতুন ধারা বিশ্বজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


জেন-জি নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের নতুন ধারা বিশ্বজুড়ে

ব্রাজিলে লাখ লাখ তরুণ অনলাইনে একত্রিত হয়েছে। তারা সেখানে ভিডিও শেয়ার করেছে এবং মিম ছড়িয়ে দিয়েছে। সার্বিয়ায় তারা ইউরোপজুড়ে সাইকেল চালিয়েছে। নিজেদের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা আলট্রা ম্যারাথনেও অংশগ্রহণ করেছে। গত মাসে এই দুটি আন্দোলন আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। নির্বাচনি প্রচারণার সময় স্বৈরাচারবিরোধী প্রতিরোধে এই আন্দোলনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ মন্তব্য করেছেন, ‘জেন-জি জেগে উঠছে।’ তিনি আরও বলেন, ‘এটি একদম পরিষ্কার যে জেন-জির একটি বড় অংশ এখন ক্লান্ত। তাদের রাজনৈতিক ব্যবস্থাগুলো ব্যর্থ হচ্ছে। আর তারা চুপচাপ পাশে বসে তা দেখতে রাজি নয়।’

গবেষকরা বিশ্বজুড়ে অন্তত ২৫টি বিক্ষোভের তথ্য নথিভুক্ত করেছেন। ১৪ থেকে ২৯ বছর বয়সী তরুণরা এসব বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ থেকে বেলজিয়াম এবং ইতালি থেকে ভারত, সবখানেই একই চিত্র দেখা যাচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ হলো এই জেন-জি। মনে হচ্ছে, তারা নিজেদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে।

তাদের রাস্তায় নামার কারণগুলো ছিল ভিন্ন ভিন্ন। কেউ দুর্নীতি এবং অসম অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আবার কেউ শিক্ষায় আরো বিনিয়োগ এবং সাশ্রয়ী আবাসনের দাবি তুলেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও ছিল তাদের।

সাড়া জাগানো অনেক প্রথম দিকের বিক্ষোভ এশিয়া এবং আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালে বাংলাদেশের ঢাকার শিক্ষার্থীরা বিশ্ব সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তারা এমন কিছু করে দেখিয়েছিল, যাকে জেন-জির নেতৃত্বে বিশ্বের প্রথম সফল বিপ্লব বলা হচ্ছে।

বিক্ষোভটি শুরু হয়েছিল একটি কোটা আইনকে কেন্দ্র করে। তবে খুব দ্রুতই তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষে রূপ নেয়। দুই মাস পর শেখ হাসিনা পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালান। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তরুণ বিক্ষোভকারীরা তাকে দেশছাড়া করেছিল।

এর দুই বছর পর, সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে সার্বিয়ায় শিক্ষার্থীরা আরেকটি বিপ্লবের নেতৃত্ব দেয়। সেখানে সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছিল এবং প্রতিষ্ঠানগুলো দলীয় অনুগতদের দিয়ে ভরে ফেলেছিল। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গত মাসের শেষের দিকে সার্বিয়ার এই ছাত্র আন্দোলন নির্বাচনে আলেকজান্ডার ভুসিচকে ক্ষমতাচ্যুত করে। এর মাধ্যমে তার দলের ১৪ বছরের শাসনের অবসান ঘটে।

বিশ্লেষক কেইট ড্যালেয়ার এবং সেবাস্তিয়ান ডিটজেন সম্প্রতি একটি লেখা প্রকাশ করেছেন। সেখানে তারা মার্কিন নাগরিক অধিকার আন্দোলন এবং ২০১১ সালের আরব বসন্তের উদাহরণ টেনেছেন। তারা লিখেছেন, শিক্ষার্থী ও তরুণরা দীর্ঘদিন ধরেই পরিবর্তনের আন্দোলনে সামনের সারিতে রয়েছে।

তারা বলেন, ‘বর্তমান আন্দোলনের বিশেষত্ব হলো মানুষকে একত্র করার অবকাঠামো। টিকটক এবং এক্স ক্ষোভগুলোকে আরো বড় করে তোলে এবং দ্রুত ছড়িয়ে দেয়। ডিসকর্ড সার্ভার এবং গ্রুপ চ্যাটের মাধ্যমে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই পরিকল্পনা করা যায়। আর ইন্টারনেট বন্ধ করে দিলে আয়োজকরা ভিপিএন এবং মিররড কনটেন্ট ব্যবহার করে তা এড়িয়ে চলেন।’

রাস্তায় তরুণদের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এই শক্তিশালী সমন্বয় ব্রাজিলেও কাজ করেছে। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফিরে আসতে এবং জয়ী হতে এটি সাহায্য করেছিল। প্রথম দফায় ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারোর কাছে বড় হারের পর দেশের বামপন্থি রাজনীতিতে হতাশা নেমে এসেছিল।

পরিস্থিতি বদলে যায় যখন ফ্লুমিনেন্স ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা লুলার পক্ষে মিছিল বের করে। এর ফলে সারা দেশে একই ধরনের কর্মসূচির ঢেউ ওঠে। এর পরপরই কংগ্রেস সদস্য এবং লুলার মিত্র ৪২ বছর বয়সি আন্দ্রে জানোনেস ‘লুলা’স আর্মি’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুলার পক্ষের প্রচারণা বাড়াতে সেখানে লাখ লাখ মানুষ যুক্ত হয়।

জয়ের রাতে লুলা তরুণদের এই শক্তির স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য ব্রাজিলের যেসব তরুণ রাস্তায় নেমে এসেছিল, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

এই বক্তব্যের মাধ্যমে জেন-জির বেড়ে ওঠার বৈশ্বিক প্রেক্ষাপটটিই উঠে এসেছে। তারা এমন একসময়ে বড় হয়েছে, যখন বিশ্ব নানা সংঘাতে জর্জরিত। এর মধ্যে রয়েছে ইসরাইল-গাজা যুদ্ধ, তীব্র হতে থাকা জলবায়ু সংকট এবং জাতীয়তাবাদের উত্থান। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক ব্যবস্থা যেসব নিয়মের ওপর দাঁড়িয়ে ছিল, সেগুলোও এখন ভেঙে পড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ ইউরোপেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফ্রান্সের স্কুলশিক্ষার্থীরা কাজের ভালো পরিবেশের দাবিতে আন্দোলন করছে। স্পেনের তরুণরা সাশ্রয়ী আবাসনের দাবিতে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছে। জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তারা শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু রক্ষায় আরো বিনিয়োগের দাবি জানিয়েছে। এই আন্দোলনের আয়োজন করেছে একটি দল, যারা নিজেদের ‘জেন-জি রেগেল্ট!’ বা ‘জেন-জির সমাধান করবে’ বলে পরিচয় দেয়।

বিশ্লেষকরা দ্রুতই এই বিক্ষোভগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন। প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন আরানচা গঞ্জালেজ ইতালীয় সংবাদপত্র করিয়ের ডেলা সেরাকে এ বিষয়ে বলেন। তিনি বলেন, ‘কারণগুলো আলাদা হতে পারে, কিন্তু সবার মূলে একই স্ফুলিঙ্গ কাজ করছে। আর তা হলো সামাজিক চুক্তির ভেঙে পড়া। ইউরোপে অর্থনীতি যে মানুষের কল্যাণ এবং সামাজিক সাম্য নিশ্চিত করে, সেই ধারণাটি ভেঙে চুরমার হয়ে গেছে।’

মোহভঙ্গের একই সুর দেখা যায় ভারতের ‘ককরোচ’ আন্দোলনেও। এটি অনলাইনে একটি ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হয়েছিল। পরে তা নরেন্দ্র মোদির শক্তিশালী সরকারের বিরুদ্ধে একটি বড় শক্তিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিতে এবং গণতান্ত্রিক আদর্শে বলীয়ান হয়ে এই আন্দোলন এগিয়েছে। গত গ্রীষ্মে ককরোচের নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তখনই এই আন্দোলনের শক্তি স্পষ্ট হয়ে ওঠে।

ভারতের নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপও সমানভাবে চোখে পড়ার মতো ছিল। তারা হাজার হাজার মানুষকে আটক করেছে, টিয়ার শেল ছুড়েছে এবং লাঠিপেটা করেছে। অক্টোবরে বিক্ষোভকারীরা যাতে মধ্য দিল্লিতে জড়ো হতে না পারে, সেজন্য কর্তৃপক্ষ চরম পথ বেছে নেয়। তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং ইন্টারনেট ও গণপরিবহন বন্ধ করে দেয়।

এটি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের আরেকটি দিক তুলে ধরে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের বিক্ষোভগুলো সাধারণত অনেক বেশি দমন-পীড়নের মুখে পড়ে। ২০২৪ সালে বাংলাদেশে বিক্ষোভের পর জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একটি তথ্য জানান। তারা বলেন, ওই ঘটনায় ১৪০০ জনের মতো মানুষ নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছিলেন আরো হাজার হাজার মানুষ।

বিশ্বজুড়ে নাগরিক স্বাধীনতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সিভিকাস সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, ‘যেহেতু জেন-জির বিক্ষোভগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার বণ্টন নিয়ে প্রশ্ন তোলে, তাই এগুলো বরাবরই রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়।’ তরুণ বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ জানায়। আর এ কারণেই তাদের ওপর সহিংসতা চালানো হয় বলে সংস্থাটি উল্লেখ করেছে।

মরক্কোতে ২০২৫ সালে ‘জেন-জি-২১২’ নামে একটি আন্দোলন হয়েছিল। দুর্নীতি, অবহেলিত জনসেবা এবং সুযোগের অভাব নিয়ে তারা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। ওই আন্দোলনের পর ২০০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং অনেককে কঠোর কারাদণ্ড দেওয়া হয়। এর কয়েক সপ্তাহ পর মেক্সিকোতে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়।

এই দুটি আন্দোলনের ফলাফল থেকে বোঝা যায়, জেন-জির সব বিক্ষোভ সমানভাবে সফল হয় না। তবে কখনো কখনো একটি আন্দোলনের তৈরি করা ভিত্তি থেকে নতুন আন্দোলনের জন্ম হয়। যুক্তরাষ্ট্রে আজকের তরুণদের সংগঠিত হওয়ার পেছনে ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের বড় প্রভাব রয়েছে। ওই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী গ্রেপ্তার, বহিষ্কার এবং সাময়িক বরখাস্তের শিকার হয়েছিলেন। ক্যাম্পাসে শিক্ষার স্বাধীনতা সংকুচিত হওয়ার পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় বিক্ষোভবিরোধী নীতিমালাও চালু করেছিল।

তা সত্ত্বেও শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য চাপ দিয়ে যাচ্ছে। গত মাসে নর্থ ক্যারোলাইনায় শত শত শিক্ষার্থী প্রচণ্ড গরমের মধ্যে মিছিল করে ভোটকেন্দ্রে যান। তাদের ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করতে না দেওয়ার প্রতিবাদে তারা এটি করেন। অন্যদিকে কর্নেল সেভেনের ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করেছেন, বিক্ষোভ করেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের চেনোওয়েথ উল্লেখ করেছেন, তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের এই ঢেউ বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রজন্মগত পরিবর্তনের সূচনা করতে পারে। তার মতে, এই পরিবর্তন বিশ্বজুড়ে গণতন্ত্রের পিছু হটার প্রবণতাকে রুখে দিতে সক্ষম হতে পারে।

তবে প্যারিসের উত্তরের এক শহরতলির ১৭ বছর বয়সি হাই স্কুলছাত্র বিলাল নারজিসি অ্যাসোসিয়েটেড প্রেসকে ভিন্ন এক সত্যের কথা বলেছেন। তার মতে, তরুণদের আন্দোলনের এই বিস্ফোরণ এমন একটি বৃহত্তর সত্যের ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।

তিনি বলেন, ‘আমরা সবাই একটি বিষয়ে একমত। আর তা হলো, তরুণদের সঙ্গে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বাচ্চাদের মতো আচরণ করা হয় এবং তাদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হয় না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা: নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের সদস্যদের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

নুরুল হক নুর উল্লেখ করেন, যদিও আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তবে তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছানোর জন্য পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের সদস্যদের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, যদি নিজেদের কোনো সঙ্গী-সাথী এসব ব্যক্তিদের আশ্রয় বা সহযোগিতা করেন, তাহলে তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে।

সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে, তিনি সকলকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%