প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়ের (২৫)কে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া জুবায়ের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে।
এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল জানায়, ২৭ সেপ্টেম্বর রাত ২টা ৫ মিনিটের দিকে টহল দেওয়ার সময় তারা জানতে পারে, কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে জুবায়েরের বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জুবায়ের পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ, বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে একটি দেশীয় অস্ত্র থাকার কথা স্বীকার করলে, তার দেখানো মতে বসতঘরের শয়নকক্ষসংলগ্ন উত্তর পাশের ডাইনিং কক্ষে প্লাস্টিকের টেবিলের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথি পর্যালোচনায় জুবায়েরকে উখিয়ার আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং পলাতক অবস্থায় আত্মগোপনে ছিল বলে জানানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতার জুবায়েরকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ দমন, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় এসআরবি-১৫।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন