প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমি সংক্রান্ত তথ্য জানার জন্য একসময় ভূমি অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বিশেষ করে বাবা-দাদার নামে কোথায় কত জমি রয়েছে, তা খুঁজে বের করা ছিল একটি কঠিন কাজ। তবে বর্তমানে দেশের ভূমিসেবা ডিজিটাল হয়ে যাওয়ার ফলে সাধারণ জনগণ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে জমির খতিয়ান ও দাগসংক্রান্ত প্রাথমিক তথ্য জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, ঝামেলা ছাড়াই অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা সম্ভব হয়েছে।
অনলাইনে জমির তথ্য জানার সহজ উপায়
জমির তথ্য জানার জন্য প্রথমে স্মার্টফোনের ব্রাউজার থেকে ‘ই-পর্চা’ লিখে অনুসন্ধান করতে হবে। এরপর সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে ‘খতিয়ান’ অপশন নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রেকর্ড অনুযায়ী খতিয়ানের ধরন হিসেবে বিএস, সিএস, আরএস বা এসএ নির্বাচন করার সুযোগ রয়েছে।
এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম ব্যবহার করে জমির তথ্য খোঁজা যাবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্যাপচা পূরণের পর ‘অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করতে হবে। সার্চ সম্পন্ন হলে সংশ্লিষ্ট রেকর্ডে জমির মালিকের নাম, দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্য এবং জমির পরিমাণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
খতিয়ানের কপির জন্য অনলাইনে আবেদন
জমির তথ্য পাওয়ার পর খতিয়ানের কপির জন্য সংশ্লিষ্ট রেকর্ডের ‘আবেদন করুন’ অপশন থেকে আবেদন করা যাবে। এনআইডি নম্বর, জন্মতারিখ, ই-মেইল, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণের পর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে এবং প্রয়োজনীয় ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
শুধু নাম দিয়েই কী সব জমির তথ্য পাওয়া যাবে?
অনলাইনে শুধুমাত্র নাম দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের জমির পূর্ণাঙ্গ তালিকা পাওয়া সম্ভব নয়। জমির রেকর্ডের নির্দিষ্ট এলাকা ও দাগ নম্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বাবা বা দাদার সম্পত্তি খুঁজতে সংশ্লিষ্ট এলাকার কিছু সুনির্দিষ্ট তথ্য জানা প্রয়োজন।
অনলাইনে প্রাপ্ত তথ্য কেবল প্রাথমিক যাচাইয়ের কাজে ব্যবহার করা উচিত। জমি কেনাবেচা বা মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে খতিয়ান, দলিল ও নামজারিসহ সকল বৈধ নথি ভালোভাবে যাচাই করা জরুরি, বিশেষ করে পুরনো জমির ক্ষেত্রে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন