প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড একটি বড় দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ফলে, নরওয়ের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভাবে মাঠে নামতে হচ্ছে টমাস টুখেলের দলের।
৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার শেষ ষোলোতে মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর দুর্ঘটনার শিকার হন। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে গিয়ে তিনি একটি বিজ্ঞাপনী বোর্ড টপকানোর সময় পা পিছলে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে গুরুতর চোট পান।
ঘটনার পর সাথে সাথে মাঠে ছুটে আসেন দলের চিকিৎসক এবং সতীর্থরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, তার চোট গুরুতর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ইংল্যান্ড ফুটবল কর্তৃপক্ষ এখনও জানায়নি হেন্ডারসনের ফেরার নির্দিষ্ট সময়, তবে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার।
যদিও বিশ্বকাপে মাঠে খুব বেশি সময় না খেললেও অভিজ্ঞ এই ফুটবলার ইংল্যান্ড দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। মেক্সিকোর বিরুদ্ধে বদলি হিসেবে নেমে তিনি মাত্র ছয় মিনিট খেলেছিলেন। তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা এবং ড্রেসিংরুমে নেতৃত্বের জন্য তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
এদিকে, কোয়ার্টার ফাইনালের প্রস্তুতির জন্য ইংল্যান্ড দল ইতোমধ্যে কানসাস সিটিতে ফিরে গেলেও চিকিৎসার জন্য হেন্ডারসন মেক্সিকোতেই অবস্থান করছেন। তার সাথে রয়েছেন দলের একজন সাপোর্ট স্টাফ।
আগামী ১১ জুলাই মায়ামিতে কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন