প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উখিয়ায় অভিযান পরিচালনা করে অপহৃত ১৫ বছরের কিশোর মো. জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ অভিযানের সময় জামাল হোসেন (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করা হয় এবং জামালকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫ এর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোর মো. জসিম ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে কিশোরের বাবা সৈয়দ আহমদের ব্যবহৃত ইমো নম্বরে ফোন করা হয়। ফোনে জানানো হয় যে জসিমকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য ৩ লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে পরিবার।
এ ঘটনার পর গত ২৮ সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর কিশোরকে উদ্ধারের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে এসআরবি-১৫, সিপিসি-২ এবং হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল।
মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অপহৃত জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
পরে গ্রেফতার জামাল হোসেন এবং উদ্ধার হওয়া কিশোর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন