শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৩৬ পি.এম
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায় দেশের সামরিক বাহিনীর ওপর প্রতিষ্ঠিত হওয়ায় কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গারা আনন্দের সঙ্গে কেঁদেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে তারা নিজেদের দীর্ঘদিনের কষ্ট ও নির্যাতনের স্বীকৃতি হিসেবে দেখছেন। তবে আনন্দের পাশাপাশি তাদের মনে একটাই প্রশ্ন রয়েছে—কবে তারা নিজেদের দেশে ফিরতে পারবেন?
শুক্রবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কক্সবাজারের ১ম শিবিরের বাসিন্দা উম্মে রুমান মুঠোফোনে রায় ঘোষণার খবর দেখছিলেন। ইন্টারনেটের দুর্বল সংযোগের কারণে সরাসরি সম্প্রচার দেখতে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি পান তিনি। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার খবর শুনে আনন্দে কেঁদে ফেলেন এবং রান্না করতে থাকা ভাবিকে জড়িয়ে ধরেন।
রুমান আল জাজিরাকে বলেন, "আনন্দে কেঁদেছি। কারণ, প্রথমবারের মতো বিশ্ব আমাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা স্বীকার করেছে।"
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। এতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। দীর্ঘদিনের অস্বীকৃতির পর এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
শিবিরের ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান তার বন্ধু ও শিক্ষকের সঙ্গে কম্পিউটারে রায়টি দেখেন। তিনি জানান, "খবরটি শুনে কেউ কেঁদেছেন, কেউ প্রার্থনা করেছেন।" রায় শুনে তার মনে হয়েছে, এবার হয়তো নিজ দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দ প্রকাশ করেন।
তবে রায়ের আনন্দের মধ্যেও ফিরে এসেছে ২০১৭ সালের ভয়াবহ স্মৃতি। রোহিঙ্গা যুবক নুরুল আমিন আল জাজিরাকে বলেন, গণহত্যার স্বীকৃতিতে তিনি খুশি, তবে সামরিক অভিযানে স্বজন, বাড়িঘর ও জীবনের ওপর নেমে আসা নির্যাতনের কথা মনে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তাদের প্রত্যাশা শুধুমাত্র স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়। নাগরিকত্ব ও অধিকার ফিরে পাওয়া, নিরাপত্তা নিশ্চিত হওয়া এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ চান তারা।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। তিনি শুক্রবার (২০ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন, যা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের ফলস্বরূপ।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ উল্লেখ করেন, "এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম এ দায়িত্ব পালন করতে আমি অপারগ এবং আমি পদত্যাগ করলাম।"
তিনি আরও বলেন, "বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।"
আবুল কালাম বলেন, "কোনো চাপ নেই, ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে পদত্যাগ করলাম।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনাবেচা, সেবা প্রদান এবং অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ সৃষ্টি হয়েছে। তবে অনলাইন ব্যবসার এই বিস্তারের সঙ্গে সঙ্গে কিছু ব্যবসায়িক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলোর শরিয়তসম্মত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একটি হলো ‘বোর্ড ক্লোজিং’ নামে পরিচিত অনলাইন ব্যবসা। অনেকেই এই ব্যবসায় যুক্ত হয়ে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছেন। কেউ কেউ অন্যদেরও এতে যুক্ত করছেন। তাই এই বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বোর্ড ক্লোজিং ব্যবসার পদ্ধতি
বোর্ড ক্লোজিং বলতে সাধারণত এমন একটি অনলাইনভিত্তিক ব্যবসায়িক ব্যবস্থাকে বোঝানো হয়, যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যুক্ত হন। এরপর তাঁর অধীনে বা রেফারেলের মাধ্যমে নতুন সদস্য যুক্ত হলে বিভিন্ন স্তরে অর্থ বণ্টন করা হয়। নির্দিষ্টসংখ্যক সদস্য যুক্ত হওয়ার পর একটি বোর্ড বা গ্রুপ সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত হারে অর্থ লাভ করেন। এখানে প্রকৃত পণ্য বা সেবা বিক্রির পরিবর্তে নতুন সদস্য সংগ্রহ এবং তাঁদের জমা দেওয়া অর্থের ওপর উপার্জন নির্ভরশীল হয়ে থাকে। তাই এধরণের ব্যবসা ইসলামে জায়েজ নেই।
ইসলাম শ্রমনির্ভর উপার্জন এবং সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে পরিচালিত ব্যবসাকে উৎসাহিত করেছে। তবে এর অর্থ এই নয় যে, কোনো ব্যক্তি নিজে শারীরিক শ্রম না করলেই তার উপার্জন হারাম হয়ে যাবে। কারণ, বৈধ বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব এবং প্রতিনিধিত্বের মাধ্যমে উপার্জন করা যায়। মূল বিষয় হলো, উপার্জনের পদ্ধতি ও চুক্তি শরিয়তসম্মত হওয়া। রাসুলুল্লাহ (সা.)-কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন উপার্জন সবচেয়ে উত্তম? তিনি উত্তরে বলেন, ‘কোন উপার্জন সবচেয়ে উত্তম?’ তিনি বললেন, ‘মানুষের নিজ হাতে করা কাজ এবং প্রতিটি সততা ও কল্যাণকর ব্যবসা।’ (শুআবুল ইমান, ২/৪৩৪, হাদিস : ১১৭১)
যে কারণে বোর্ড ক্লোজিং ব্যবসা শরিয়তসম্মত নয়
বোর্ড ক্লোজিংয়ের প্রচলিত যে পদ্ধতির কথা বলা হচ্ছে, তাতে কয়েকটি শরিয়তবিরোধী বিষয় পাওয়া যায়।
১. বিনিময়হীন উপার্জন ও অন্যের অর্থের ওপর নির্ভরশীলতা
ইসলামে বৈধ উপার্জনের ক্ষেত্রে কোনো না কোনো স্বীকৃত বিনিময়, শ্রম, সেবা, পণ্য, বিনিয়োগ কিংবা শরিয়তসম্মত চুক্তির ভিত্তি থাকতে হয়। কিন্তু বোর্ড ক্লোজিংয়ের কোনো কোনো পদ্ধতিতে একজন ব্যক্তি বাস্তব কোনো পণ্য বিক্রি বা সেবা প্রদান ছাড়াই শুধু নতুন সদস্য যুক্ত হওয়ার কারণে অর্থ লাভ করেন। এ ক্ষেত্রে তাঁর উপার্জনের বিপরীতে প্রকৃত কোনো পণ্য বা সেবা থাকে না; বরং পরবর্তী সদস্যদের জমা দেওয়া অর্থই তাঁর আয়ের উৎস হয়ে দাঁড়ায়। ফলে এটি বিনিময়হীন উপার্জন এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার শামিল হতে পারে।
২. এতে জুয়ার উপাদান রয়েছে
জুয়া বা মাইসির ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। জুয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো, একজনের লাভ অন্যজনের ক্ষতির ওপর নির্ভরশীল হওয়া এবং অনিশ্চিত ফলাফলের ভিত্তিতে অর্থ লাভের ব্যবস্থা থাকা। বোর্ড ক্লোজিংয়ের কোনো কোনো পদ্ধতিতে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। এরপর পর্যাপ্তসংখ্যক নতুন সদস্য যুক্ত হলে তিনি লাভবান হন। কিন্তু নতুন সদস্য যুক্ত না হলে কিংবা বোর্ড সম্পন্ন না হলে তাঁর বিনিয়োগ করা অর্থ আটকে যেতে পারে বা ক্ষতির আশঙ্কা থাকে।
অর্থাৎ, কেউ লাভবান হন অন্যদের জমা দেওয়া অর্থ থেকে, আবার কেউ কাঙ্ক্ষিত লাভ না পেয়ে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কাঠামোতে জুয়ার উপাদান বিদ্যমান। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শর—এসব শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা : মায়িদা, আয়াত : ৯০)
৩. অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগের আশঙ্কা
ইসলাম মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করেছে। কোনো ব্যক্তির সম্পদ তার সম্মতি ছাড়া অন্যায়ভাবে গ্রহণ করা বৈধ নয়। এমনকি বাহ্যিকভাবে পারস্পরিক সম্মতি থাকলেও প্রতারণা, জুয়া কিংবা অবৈধ চুক্তির মাধ্যমে সম্পদ অর্জন করা জায়েজ হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৮)
বোর্ড ক্লোজিংয়ের প্রচলিত কাঠামোয় যদি নতুন সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পূর্ববর্তী সদস্যদের লাভ দেওয়া হয় এবং এর বিপরীতে কোনো বাস্তব পণ্য বা বৈধ সেবা না থাকে, তাহলে তা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগের অন্তর্ভুক্ত হবে। এখানে মূলনীতি হলো, ব্যবসার নামে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা প্রকৃত ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যকে ব্যাহত করে এবং অবৈধ সুবিধা অর্জনের পথ তৈরি করে। তথ্যসূত্র : হিদায়া, ৩/৫৯-ফিকহুল বুয়ূ, ২/৮১২)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার সংসারে এসেছে একটি নতুন অতিথি। ১৯ নভেম্বর এই অভিনেত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের জন্মের খবর প্রকাশ করেন সামান্থা। নবজাতকের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র। দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’
সন্তানের জন্মের কয়েক দিন আগে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আয়োজনের কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে লাল পোশাকে সামান্থা এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাকে।
এর আগে চলতি বছরের জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। নিজের অভিনীত মা ইন্তি বঙ্গারাম সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তখন বলেছিলেন, চলমান কাজ শেষ করে কিছুদিন বিরতি নেবেন। এরপর আবার অভিনয়ে ফিরবেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। দ্য ফ্যামিলি ম্যান ২ ওয়েব সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন তারা। পরে সিটাডেল: হানি বানি এবং মা ইন্তি বঙ্গারাম প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন।
সামান্থা ও রাজের জীবনে প্রথম সন্তানের আগমনে নতুন একটি অধ্যায় শুরু হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : জেলার ফতুল্লার একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
এ ঘটনার পর পুলিশ কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের নাম হল-পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বাসসকে জানান, দগ্ধ অবস্থায় দুই রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়ের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বাসসকে বলেন, বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই কারখানা পরিদর্শন করেছে।
সম্পূর্ণ তদন্ত পরবর্তী এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ