প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শের মধ্যে মানবজাতির জন্য অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে। আধুনিক সভ্যতার উজ্জ্বলতা ও পশ্চিমা জীবনধারার প্রভাবে বর্তমানে নবীজি (সা.)-এর অনেক সুন্দর ও কল্যাণময় সুন্নত উপেক্ষিত ও অবহেলিত হয়ে পড়েছে। অনেক সময় আমরা ভুলে যাই যে, আমাদের দৈনন্দিন জীবনের এই কাজগুলো আসলে সুন্নত। নিচে এমন ১০টি অবহেলিত সুন্নতের আলোচনা করা হলো—
১. নামাজের আগে মেসওয়াক করা
মেসওয়াকের সুন্নত বর্তমানে টুথব্রাশ ও পেস্টের ব্যাপক ব্যবহারের কারণে প্রায় বিলুপ্তির পথে। রাসুল (সা.) মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে কতটা জোর দিয়েছেন, তা একটি হাদিস থেকে বোঝা যায়। তিনি বলেছেন, ‘যদি না আমার উম্মতের কষ্ট হওয়ার আশঙ্কা থাকত, তবে আমি তাদের প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করতে বলতাম।’ (বুখারি: ৮৮৭)। পরিচ্ছন্নতার পাশাপাশি এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
২. শিশুদের আগে সালাম দেওয়া
বড়দের সালাম দেওয়ার সময় আমরা শিশুদের সালাম দিতে ভুলে যাই। আমরা মনে করি, ছোটরাই কেবল বড়দের সালাম দেবে। কিন্তু ছোটদের সালাম দেওয়া নবীজির (সা.) একটি মিষ্টি সুন্নত, যা শিশুদের নম্রতা শেখায়। আনাস (রা.) একবার একটি শিশুর পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিয়েছিলেন এবং বলেছিলেন, ‘রাসুলুল্লাহ (সা.) এমনটিই করতেন।’ (বুখারি: ৬২৪৭)
৩. খাওয়ার পর আঙুল চেটে খাওয়া
পাশ্চাত্য ফ্যাশনের প্রভাবে বর্তমানে হাত দিয়ে খাওয়া এবং শেষে আঙুল চেটে খাওয়াকে অনেকেই অস্বস্তিকর মনে করেন। অথচ এর মধ্যে রয়েছে খাবারের বরকত। রাসুলুল্লাহ (সা.) তিন আঙুলে খেতেন এবং খাওয়ার পর আঙুল চেটে খেতেন। (মুসলিম: ২০৩২)
৪. পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া
প্লেট থেকে খাবার পড়ে গেলে অস্বাস্থ্যকর মনে করে আমরা তা ফেলে দিই। কিন্তু রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘যদি কারো লোকমা পড়ে যায়, সে যেন তা তুলে নেয় এবং ময়লা দূর করে তা খেয়ে নেয়, আর শয়তানের জন্য কিছু ফেলে না রাখে।’ (মুসলিম: ২০৩৩)। এজন্য পরিচ্ছন্ন স্থানে খেতে বসা উচিত।
৫. হাই তোলার সময় মুখ ঢাকা
হাই তোলা অলসতার লক্ষণ হিসেবে দেখা হয়। নবীজি (সা.) এই সময় হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে নিতে বলেছেন। তিনি বলেন, ‘যখন তোমাদের কারো হাই আসে, সে যেন যথাসম্ভব তা প্রতিরোধ করে অথবা মুখে হাত দেয়।’ (মুসলিম : ২৯৯৪)। এছাড়া হাই তোলার সময় বিকট শব্দ এবং আঙুল ফোটানোও অনুচিত।
৬. ডানদিক থেকে জুতা পরা
জুতো পরা বা খোলার সময় আমরা কোনো নিয়ম অনুসরণ করি না। কিন্তু নবীজি (সা.) আমাদের জীবনের ক্ষুদ্রতম কাজের জন্যও সুন্দর শৃঙ্খলা শিখিয়েছেন। তিনি বলেছেন, ‘জুতা পরার সময় ডান পা দিয়ে শুরু করো এবং খোলার সময় বাম পা আগে খোলো।’ (বুখারি: ৫৮৫৫)
৭. তিন শ্বাসে পানি পান করা
দাঁড়িয়ে এক নিঃশ্বাসে পানি পান করা ব্যস্ত জীবনের সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাসুল (সা.) বসে পানি পান করতে বলেছেন এবং তিন শ্বাসে পান করতেন। (বুখারি: ৫৬৩১)। চিকিৎসাবিজ্ঞানও প্রমাণ করেছে যে, এভাবে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী।
৮. ওজুসহ ডান কাত হয়ে ঘুমানো
রাতে ঘুমাতে যাওয়ার আগে ওজু করা এবং ডান কাত হয়ে ঘুমানোর সুন্নতটি সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের মতো ওজু করো, তারপর ডান কাত হয়ে শোও।’ (বুখারি: ২৪৭)। এটি মুমিনকে সারা রাত সওয়াব এনে দেয়।
৯. মুচকি হাসি দিয়ে কথা বলা
কর্মব্যস্ততা ও বিষণ্ণতার কারণে মানুষের মুখ থেকে হাসি যেন উবে গেছে। কিন্তু রাসুলুল্লাহ (সা.) সর্বদা হাসিমুখে থাকতেন। তিনি বলেছেন, ‘তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসাও একটি সদকা।’ (তিরমিজি: ১৯৫৬)। একটি সুন্দর হাসি সমাজের বহু বৈরিতা দূর করে দিতে পারে।
১০. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা
এটি কেবল দায়িত্ব নয়, বরং ঈমানের অংশ। রাস্তায় পড়ে থাকা কলার খোসা বা কাঁটা সরিয়ে ফেলার প্রবণতা আমাদের মধ্যে নেই। অথচ নবীজি (সা.) বলেছেন, ‘ঈমানের ৭০টিরও বেশি শাখা রয়েছে... এর মধ্যে সর্বনিম্নটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।’ (মুসলিম: ৫৮)
উপরোক্ত সুন্নতগুলো পালন করতে আমাদের কোনো অতিরিক্ত অর্থ বা শ্রমের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটু সদিচ্ছা ও সচেতনতা। যাপিত জীবনে এই সুন্নতগুলো চর্চা করার মাধ্যমে মুসলিম উম্মাহর সোনালি ঐতিহ্যগুলো সমাজে পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন