প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তবে এ ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের মতে, ১৯০৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মাঠে ২০১৬ সালে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে গ্রামের মুদি দোকানি সেকেন্দার আলী বিদ্যালয়ের মাঠে পানি নিতে গিয়ে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) কামরুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এসআই কামরুল মন্তব্য করেন, ‘প্রাথমিকভাবে ভাঙচুর বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুক্লা রানী জানান, শহীদ মিনার ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান। তার বক্তব্য অনুযায়ী, স্থাপনাটি আগে থেকেই নড়বড়ে ছিল। তবে কে বা কারা এটি ভেঙেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের দপ্তরি রাতে দায়িত্ব পালন করেন কি না, জানতে চাইলে তিনি জানান, নতুন পরিপত্র অনুযায়ী তাদের রাতে দায়িত্ব পালনে শিথিলতা দেওয়া হয়েছে। বর্তমানে তারা রাতে দায়িত্ব পালন করেন না।
বদলগাছী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আইনি ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
বদলগাছী থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন