প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় উন্নয়ন পরিকল্পনার প্রক্রিয়ায় স্থানিক পরিকল্পনার সমন্বয় এবং পরিকল্পনানির্ভর উন্নয়ন নিশ্চিত করার জন্য নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীতে বিআইপি আয়োজিত ‘মেইনস্ট্রিমিং স্পেশাল প্ল্যানিং ইনটু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রসেস’ শীর্ষক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বিআইপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) পরিকল্পনাবিদ মীর আহমেদ তারিকুল ওমর, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক ড. এ. টি. এম. নুরুল আমিন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তনশীল নগর ও পরিবেশগত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রচলিত স্থির পরিকল্পনার পরিবর্তে অভিযোজনমূলক স্থানিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের পরিকল্পনার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।
মীর আহমেদ তারিকুল ওমর বলেন, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকতে হবে। প্রকল্প গ্রহণের আগে পরিকল্পনাকে পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা এবং আন্ত মন্ত্রণালয় সমন্বয় জোরদার করা প্রয়োজন।
ড. এ. টি. এম. নুরুল আমিন বলেন, নগর ব্যবস্থাপনা ও পরিকল্পনায় ওয়ার্ড পর্যায় থেকে উদ্যোগ নিতে হবে। তিনি প্রতিটি ওয়ার্ডে নগর পরিকল্পনাবিদদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন।
অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, জাতীয়, আঞ্চলিক, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পরিকল্পনার মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা করা আবশ্যক। তিনি প্রতিটি পৌরসভায় পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি ঢাকাকে আবারও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিআইপির সহসভাপতি-২ পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মো. শহীদুল্লাহসহ কার্যনির্বাহী পরিষদের সদস্য, নগর পরিকল্পনাবিদ, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন