প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উড়ো চিঠিতে রাজনৈতিক অভিযোগের দাবি আহসানুল হাদীর, তদন্তের কথা বলছে প্রশাসন; নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে শিক্ষক ও প্রশাসনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দিয়ে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক।
ড. আহসানুল হাদীর অভিযোগ, স্বাক্ষরবিহীন একটি উড়ো চিঠিতে তাকে জুলাই আন্দোলনবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এসব অভিযোগের কোনো প্রমাণ নেই দাবি করে ঘটনাটিকে নিজের প্রতি অন্যায় উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
অন্যদিকে, অধ্যাপক আবুল কালাম সরকার বলছেন, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং ড. হাদীর বিরুদ্ধে চলমান তদন্তের কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়নি।
তবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের প্রশ্ন, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ কী এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কেন তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হলো? পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউল্লাহর নিয়োগ, গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগ এবং সিলেকশন কমিটির সভা ঘিরেও নানা বিতর্ক সামনে এসেছে।
জ্যেষ্ঠ শিক্ষককে বাদ দিয়ে ডিনকে দায়িত্ব
তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তিন বছর মেয়াদি চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদের দায়িত্বের মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি ও জ্যেষ্ঠতা অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান হওয়ার কথা ছিল সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর।
তবে তাকে দায়িত্ব না দিয়ে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১২ নভেম্বর সকাল ১০টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের চিঠিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটসের ১২(৩) ধারা অনুযায়ী উপাচার্যের সিদ্ধান্তে অধ্যাপক আবুল কালাম সরকারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
উড়ো চিঠিতে রাজনৈতিক অভিযোগের দাবি
নিজের বিরুদ্ধে অভিযোগ ও দায়িত্ব না পাওয়ার বিষয়ে ড. আহসানুল হাদী বলেন, গত ৩ নভেম্বর ইরাকে একটি আমন্ত্রণমূলক সেমিনারে অংশ নিতে ছুটির আবেদন করার সময় প্রথম জানতে পারেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘সেদিনই প্রথম আমাকে জানানো হয়, আমার বিরুদ্ধে অভিযোগ আছে, একটি তালিকায় নাম রয়েছে। কিন্তু কোন তালিকা, কী অভিযোগ—এসব কিছুই আমাকে জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘পরে জানতে পারি, আমার বিরুদ্ধে নাকি উড়ো চিঠি এসেছে, যেখানে কারও কোনো স্বাক্ষর নেই। বলা হয়েছে, জুলাইয়ের সময় আমি শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি, জুলাইয়ের বিপক্ষে কথা বলেছি এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পক্ষে আমার অবস্থান রয়েছে। এমনকি আমাকে চেয়ারম্যান করা হলে শিক্ষার্থীরা মব করবে—এমন কথাও বলা হয়েছে।’
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তিনি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। ১৮ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে পোস্টও করেছিলেন।
ড. হাদীর ভাষ্য, ২৮ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত তিনি ইরানের সাদী ফাউন্ডেশনে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ছিলেন। সেখান থেকেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
তিনি বলেন, ‘গত দুই বছরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কোনো শিক্ষার্থী বা শিক্ষক আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এসবের সঙ্গে জড়িত। এ ধরনের জুলুম আমি মেনে নেব না। আমি আইনি ব্যবস্থা নেব।’
নিয়োগ প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়েও অভিযোগ তুলেছেন কয়েকজন শিক্ষক। তাদের দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউল্লাহকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার বিষয়ে ডিনের আগ্রহ রয়েছে।
বিভাগের কয়েকজন শিক্ষকের অভিযোগ, অধ্যাপক ড. আতাউল্লাহর গবেষণাপত্রের কয়েকটিতে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও তারা দাবি করেন।
অধ্যাপক পদপ্রত্যাশী এক শিক্ষকের দাবি, ড. আতাউল্লাহর ১৪টি বাংলা গবেষণা প্রবন্ধের মধ্যে ছয়টিতে পিএইচডি গবেষণা থেকে হুবহু কপি-পেস্টের তথ্য পাওয়া গেছে। বিষয়টি চেয়ারম্যান ও সিএনডি কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট গবেষক অধ্যাপক ড. আতাউল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
সিলেকশন কমিটির সভা নিয়ে অভিযোগ
বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফ বিল্লাহও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, গত ৩০ মার্চ বিভাগীয় সিলেকশন কমিটির প্রথম সভায় চারটি আবেদনপত্র যাচাই করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ।
পরে ১৪ মে দ্বিতীয় সভায় অধ্যাপক আবুল কালাম সরকার তৎকালীন চেয়ারম্যানকে সভা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।
আরিফ বিল্লাহর ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান মুমিত আল রশিদ জানিয়েছিলেন, আগের সভায় তিনি সভাপতিত্ব করেছেন এবং তার আবেদনও মূল্যায়ন করা হয়েছে। ওই দিনের সভায় তার কোনো এজেন্ডা না থাকায় তিনি সভাপতিত্ব করতে চাননি। তবে এ বিষয়ে কোনো সদুত্তর না দিয়ে তাকে সভা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন আরিফ বিল্লাহ।
শিক্ষার্থীদের প্রতিবাদ
ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার ঘটনায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
তাদের দাবি, জুলাই আন্দোলনের সময় হাদী শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত বলেও জানান তারা।
এক শিক্ষার্থী বলেন, ‘হাদী স্যারকে পরিকল্পিতভাবে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তাকে শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবেই জানি। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যায় সহযোগিতা করেন।’
এদিকে, প্রতিবাদী পোস্ট ও স্টোরি মুছে ফেলতে কয়েকজন শিক্ষার্থীর ওপর চাপ প্রয়োগের অভিযোগও উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকে ফোন করে পোস্ট মুছে ফেলতে বলা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক চেয়ারম্যানের বক্তব্য
দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, ‘আমি প্রায় ১৫ দিন আগে থেকেই পরবর্তী চেয়ারম্যান হিসেবে যিনি আসবেন, তার চিঠির অপেক্ষায় ছিলাম। কিন্তু ১১ নভেম্বর বিকেল ৪টায় রেজিস্ট্রার দপ্তর থেকে ডিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চিঠি পাই। সে অনুযায়ী ১২ নভেম্বর সকাল ১০টায় দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’
তদন্তের কথা বলছে প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল বা আছে—এমন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের একটি কমিটি রয়েছে। সে কমিটি তার বিরুদ্ধে বোধহয় কিছু পেয়েছে। সে কারণেই ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
তবে ওই কমিটি কী ধরনের তথ্য বা প্রমাণ পেয়েছে এবং ড. আহসানুল হাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
অন্যদিকে, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, ‘ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত রয়েছে। কোনো শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে পদোন্নতি, স্থায়ীকরণ কিংবা প্রশাসনিক পদে পদায়ন করা যাবে না—এমন সিদ্ধান্ত রয়েছে সিন্ডিকেটের।’
তিনি আরও বলেন, ‘অধ্যাপক হাদীর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি কাজ করছে। এ কারণে তার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার ফাইল সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হলে পর্যালোচনা ও লিগ্যাল ইন্টারপ্রেটারের মতামতের ভিত্তিতে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়। এটি সাময়িক। তদন্ত শেষ হলে বিষয়টি নিষ্পত্তি হবে।’
জুলাইবিরোধী অবস্থানের অভিযোগের সঙ্গে দায়িত্ব না দেওয়ার কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত।
নিয়োগ বোর্ডে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ডিন হিসেবে নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে তিনি সদস্য থাকেন। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের উচ্চতর কমিটিতেও ডিন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকেন। আট সদস্যের ওই কমিটিতে একজন সদস্য হিসেবে এককভাবে কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
বিতর্কের অবসান কবে?
বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফ বিল্লাহর মতে, একজন শিক্ষকের পেশাগত অগ্রগতি নির্ভর করা উচিত তার যোগ্যতা, গবেষণা, প্রকাশনা ও শিক্ষাদানের মানের ওপর। রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পদায়ন ও নিয়োগের সুযোগ তৈরি হলে তা পুরো শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।
সব মিলিয়ে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর নিয়ে একদিকে প্রশাসনের তদন্ত ও সিন্ডিকেটের সিদ্ধান্তের ব্যাখ্যা, অন্যদিকে অভিযোগের স্বচ্ছতা, জ্যেষ্ঠতা এবং নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট তদন্তের ফলাফল ও নিয়োগসংক্রান্ত অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিতর্কের অবসান হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন