প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের সঙ্গে গাঢ় সম্পর্ক এবং মিসরের সঙ্গে ক্রমবর্ধমান নৌ-সহযোগিতার কারণে মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বৃদ্ধি ইসরায়েলি গণমাধ্যমের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকরা আঞ্চলিক নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছেন।
ইসরায়েলি গণমাধ্যমগুলোতে তুরস্কের সম্প্রসারিত কূটনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। আঙ্কারার সঙ্গে দোহার গভীর কৌশলগত অংশীদারত্ব এবং কায়রোর সঙ্গে ক্রমবর্ধমান নৌ-সহযোগিতাকে এমন একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ পরিবর্তন করতে পারে।
ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে আঙ্কারা ও দোহার মধ্যে চুক্তি স্বাক্ষরের পর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ। পত্রিকাটি এই অংশীদারত্বকে আঞ্চলিক ভূমিকা বিস্তারে তুরস্কের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চিহ্নিত করেছে।
গত সপ্তাহে ইস্তাম্বুলে তুরস্ক-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা ও কূটনীতি বিষয়ক পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বাহ্যিক হুমকির বিরুদ্ধে যৌথ নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান তদারকি করার পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে একান্ত ও প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক করেন।
হারেৎজ-এর বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে আঞ্চলিক দেশগুলো তাদের প্রতিরক্ষা অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে উৎসাহিত হচ্ছে, যা তুরস্কের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় দেশগুলো এখন কেবল প্রথাগত অস্ত্র কেনার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রতিরোধ ক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক ঘটনাবলিতে আরও বেশি প্রভাব বিস্তারের মতো অংশীদারিত্ব খুঁজছে। হারেৎজ যুক্তি দিয়েছে যে তুরস্ক সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা এবং কূটনৈতিক সম্পৃক্ততার যে সমন্বয় দিতে পারে, তা ইসরায়েলের চেয়ে ভিন্ন।
কাতারের লুসাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কলা অনুষদের শিক্ষক মুহাম্মদ মাজহার শাহিন ডেইলি সাবাহকে বলেন, “তুরস্ক-কাতার সম্পর্ককে প্রথাগত দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের চেয়ে অনেক গভীর এক কৌশলগত অংশীদারত্ব হিসেবে দেখা উচিত।”
শাহিন জোর দিয়ে বলেন, গাজা, সিরিয়া, লিবিয়া, সুদান, সোমালিয়া এবং ইয়েমেনসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দেশ দুটির দৃষ্টিভঙ্গি অভিন্ন। কাতারে তুরস্কের স্থল, নৌ ও বিমান বাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করে এই বিশেষজ্ঞ মন্তব্য করেন, আঙ্কারা ও দোহার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কেবল আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কার্যকর কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন।
পারস্পরিক এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো আঙ্কারা ও দোহার মধ্যে নিবিড় সামরিক সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি উভয় দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলন। উভয় পক্ষ যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে অংশীদারত্ব এবং সামরিক কর্মীদের প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।
বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার কাঠামো হিসেবে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'বদর সমঝোতা স্মারক'-এর কথাও তুলে ধরা হয়।
শাহিন আরও উল্লেখ করেন, তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা দেশটিকে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত করেছে। বিশেষ করে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের গুরুত্ব বাড়ছে।
উপসাগরীয় অঞ্চলের সঙ্গে তুরস্কের সম্পর্কের তিনটি মূল দিক—নিরাপত্তা কূটনীতি, অর্থনৈতিক সংহতি এবং সাংস্কৃতিক কূটনীতিকে এই ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেন এই বিশেষজ্ঞ।
নিরাপত্তা কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ক উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার চাহিদা বুঝতে এবং তা মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম হয়েছে। অর্থনৈতিক সংহতির বিষয়ে তিনি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগের কথা তুলে ধরেন। এছাড়া সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরে শাহিন বলেন, তুর্কি ভাষা শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং অভিন্ন ঐতিহাসিক সম্পর্কের মাধ্যমে দুই অঞ্চলের সমাজের মধ্যেও বন্ধন দৃঢ় হচ্ছে।
নজরে তুরস্ক-মিসর সম্পর্ক
পৃথক এক প্রতিবেদনে ইসরায়েলের চ্যানেল ১২-এর সাথে যুক্ত নিউজ ওয়েবসাইট `মাকো' তুরস্ক ও মিসরের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা, বিশেষ করে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণ এবং পূর্ব ভূমধ্যসাগরে নৌ-সমন্বয় বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। আঙ্কারা ও কায়রো প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করায় ইসরায়েলের ওপর এর সম্ভাব্য কৌশলগত প্রভাব নিয়ে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আলেকজান্দ্রিয়ায় ‘ফ্রেন্ডশিপ সি-২০২৬’ নৌ-মহড়া চলাকালে তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এরজুমেন্ত তাতলিওলু জানান, উভয় দেশ যৌথভাবে জাহাজ নির্মাণের প্রকল্প নিয়ে ভাবছে। পাকিস্তানের সঙ্গে তুরস্কের 'মিলগেম' যুদ্ধজাহাজ কর্মসূচির আদলে মিসরের সঙ্গেও সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় আঙ্কারা। এই সহযোগিতার আওতায় যৌথ উৎপাদন, প্রশিক্ষণ, পরিচালন পরিকল্পনা এবং দুই নৌবাহিনীর মধ্যে নিবিড় সমন্বয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
গত ৪ থেকে ৯ নভেম্বর আলেকজান্দ্রিয়ার উপকূলে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডশিপ সি-২০২৬’ মহড়াটি ছিল দীর্ঘ ১৩ বছর যৌথ নৌ-মহড়া স্থগিত থাকার পর তুরস্ক ও মিসরের সামরিক সহযোগিতা পুনরুদ্ধারের আরেকটি বড় পদক্ষেপ। এই মহড়ায় তুরস্ক তাদের বৃহত্তম যুদ্ধজাহাজ 'টিসিজি আনাদোলু'-সহ অন্যান্য নৌ-প্ল্যাটফর্ম এবং বায়রাকতার টিবি-৩ ড্রোনের মতো মনুষ্যবিহীন ব্যবস্থা মোতায়েন করে। মহড়ায় আকাশ প্রতিরক্ষা, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধ, সামুদ্রিক নিরাপত্তা অভিযান এবং বিশেষ নৌ-প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল।
বছরের পর বছর ধরে চলা টানাপোড়েনের পর আঙ্কারা ও কায়রোর মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করার বৃহত্তর প্রচেষ্টারই প্রতিফলন এই ক্রমবর্ধমান সহযোগিতা। ইসরায়েলের জন্য এই ঘটনাগুলো পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সম্প্রসারিত প্রতিরক্ষা অংশীদারত্বের প্রভাব নতুন করে খতিয়ে দেখার তাগিদ সৃষ্টি করেছে।
অধ্যাপক শাহিন সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের নীতিমালার সমালোচনা করে এগুলোকে ‘সম্প্রসারণবাদী ও আগ্রাসী’ বলে অভিহিত করেন। তিনি যুক্তি দেন, ইসরায়েলের এই নীতি কেবল ফিলিস্তিন নয়, বরং সিরিয়া ও লেবাননসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। সামরিক শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টা, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বারবার নিরাপত্তা সংকট উসকে দেওয়ার মতো কর্মকাণ্ড এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা আনবে না বলে তিনি মন্তব্য করেন।
এর বিপরীতে তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কূটনীতি, প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং সাংস্কৃতিক সম্পর্কের সমন্বয়ে একটি বহুমুখী আঞ্চলিক নীতি অনুসরণ করছে। কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব, সউদী আরব ও পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস-এর উদ্যোগ এবং আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি বিস্তারের মাধ্যমে আঙ্কারার আঞ্চলিক প্রভাব ক্রমাগত বাড়ছে।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “অন্য দেশ দখল করা, নিজেদের ভূখণ্ড বিস্তার করা বা আঞ্চলিক রাষ্ট্রগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষা থেকে তুরস্কের এই উত্থান ঘটেনি। বরং এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় সক্ষম একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার কারণেই তুরস্কের এই অবস্থান তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন