প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি এবং আতশবাজি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি, পৃথক একটি অভিযানে একটি পুরোনো ভারতীয় পালসার মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের একটি বসতঘর এবং হেমু হাউদপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা মৃত খয়রুল উল্যাহর বসতঘরে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। এই চা পাতার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ সময় উদ্ধার করা হয় ভারতীয় ‘Athithi 7cm Electric Sparklers’ নামের ২ হাজার ১৫০ প্যাকেট তারাবাতি। এসব তারাবাতির আনুমানিক মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। এছাড়া ‘Happy Fire Works’ ব্র্যান্ডের ৫৫২ বক্স তুফান চকলেট নামের আতশবাজি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
পুলিশের হিসাব অনুযায়ী, বসতঘর থেকে উদ্ধার করা চা পাতা, তারাবাতি ও আতশবাজির মোট আনুমানিক মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা। অন্যদিকে, একই দিনে উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে একটি পুরোনো ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, অভিযানে ভারতীয় পণ্য ও মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন