প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদাবরে ছাত্রদল নেতার মহানুভবতায় হারানো মোটরসাইকেল ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। রোববার রাতে আদাবর থানা এলাকার শ্যামলী রিং রোডে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক মো. রাসেল মিরপুরের বাসিন্দা এবং পেশায় একজন পাঠাও চালক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার রাতে যাত্রী নিয়ে মোহাম্মদপুরে যান রাসেল। যাত্রী নামিয়ে তিনি বিজলী মহল্লার একটি চায়ের দোকানে যান। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে সেখানে গিয়ে তাকে নানা অবান্তর প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে তাদেরই একজন রাসেলের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তবে রাস্তায় যানজট থাকায় মোটরসাইকেলটি নিয়ে বেশি দূর যেতে পারেনি ওই ব্যক্তি। পরে বাধ্য হয়ে শ্যামলী রিং রোড এলাকায় ‘আবার খাবো’ ফুড কার্টের পাশে মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় সে।
আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘আবার খাবো’ ফুড কার্টের মালিক মো. রনি হোসেন জানান, দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলটি সেখানে পড়ে থাকতে দেখেন তিনি। গভীর রাত পর্যন্ত কেউ মোটরসাইকেলটি নিতে না আসায় বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন হন।
এ সময় সেখানে উপস্থিত হন রনির বন্ধু ও আদাবর থানা ছাত্রদল নেতা বোরহান রব্বানী। পরে তিনি মোটরসাইকেলটির ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং উপযুক্ত প্রমাণ দেখিয়ে প্রকৃত মালিককে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার আহ্বান জানান।
ফেসবুকে দেওয়া ওই পোস্ট দেখে বোরহান রব্বানীর সঙ্গে যোগাযোগ করেন মিরপুরের বাসিন্দা রাসেল। পরে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক রাসেলের কাছে মোটরসাইকেলটি বুঝিয়ে দেওয়া হয়।
পরে এ বিষয়ে নিজের ফেসবুকে আরেকটি পোস্ট দেন ছাত্রদল নেতা বোরহান রব্বানী। সেখানে তিনি জানান, সবার সহযোগিতায় মোটরসাইকেলের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণ দেওয়ার পর রাসেলকে তার মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটিতে হারানো সম্পদ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে স্থানীয়দের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন