প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা গেছে। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কোথাও কোথাও সামনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। ভোরের দিকে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। এর ফলে সকালে শীতের অনুভূতি ছিল অধিক।
এদিকে, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের জন্য এটি বেশ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূতি হয়।
চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, "রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।"
আরেক বাসিন্দা শহিদুল্লাহ জানান, "ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।"
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, "আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।"
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন