প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশ্নফাঁস ও বেকারত্বের বিরুদ্ধে ভারতের 'জেন জি' (Gen Z) তরুণদের সাম্প্রতিক আন্দোলনের পর, দেশটির বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে একটি অভূতপূর্ব বিক্ষোভ। জেন জি-র পথ অনুসরণ করে, এবার শিক্ষা সংস্কার, নিরাপদ ভবন এবং মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে রাজপথে নেমেছে দেশের সবচেয়ে কম বয়সী প্রজন্ম—'জেন আলফা' (Gen Alpha)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের অন্তত ১০টি রাজ্যের সরকারি স্কুলগুলোতে একযোগে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোর গ্রামীণ অঞ্চলের জেন আলফা বা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের খুদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও স্লোগানে অংশ নিচ্ছে।
স্কুল বয়কট ও খুদেদের প্রশ্ন:
উত্তর প্রদেশের সমুহি ভাটপুরওয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী ক্লাসে ঢুকতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলন শুরু করে। মাত্র ৮ বছর বয়সী প্রিয়া জানায়, ২০২৩ সালে তাদের স্কুলের একটি জরাজীর্ণ দেয়াল ভেঙে পড়ে এক সহপাঠী মারাত্মক আহত হয়। দীর্ঘদিন দাবি জানানো সত্ত্বেও নতুন ভবন তৈরি না হওয়ায় বাধ্য হয়ে তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়। প্রশাসনিক আশ্বাস পাওয়ার পরই তারা বাড়ি ফেরে।
একইভাবে মহারাষ্ট্রের পারলিতে শিক্ষকসংকটের বিরুদ্ধে এবং বিহারের সিমুয়ারা গ্রামে মানহীন দুপুরের খাবারের (Mid-Day Meal) প্রতিবাদে প্রায় চার কিলোমিটার হেঁটে গিয়ে জেলা কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেয় খুদে শিক্ষার্থীরা।
আন্দোলনের পটভূমি:
ভারতে মোট ২৫ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী অবকাঠামোগত উন্নতির দাবি করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। দেশটিতে প্রায় ১ লাখের বেশি স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে সব শ্রেণীর পাঠদান করানো হয়। বহু স্কুলে সুপেয় পানি, বিদ্যুৎ, পর্যাপ্ত বেঞ্চ এবং টয়লেটের মতো মৌলিক চাহিদার মারাত্মক অভাব রয়েছে।
সম্প্রতি ‘কাকরোচ জনতা পার্টি’ (CJP) নামে একটি ব্যঙ্গাত্মক সংগঠনের নেতৃত্বে জেন জি তরুণরা দেশব্যাপী প্রশ্নফাঁসের প্রতিবাদে বিশাল আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। সেই আন্দোলনের রেশ ধরেই সিজেপি শুরু করেছে 'স্কুল ঠিক করো' অভিযান, যা এই জেন আলফা শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদদের মতে, ভারতের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি ১৮ বছরের কম বয়সী। ২০২৯ সালের সাধারণ নির্বাচনে এদের বড় একটি অংশ ভোটার হতে যাচ্ছে। তাই জেন আলফার এই জেগে ওঠাকে ভারতের বর্তমান শাসকগোষ্ঠীর জন্য একটি বড় রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন