প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে প্রথমবারের মতো ২১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য শিশা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে শিশা সেবনের হুক্কা ও পাইপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে ৩৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টাঙ্গাইল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আদালতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেনের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে অধিদপ্তরের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে পূর্ব আদালতপাড়ার গ্রীন রোড জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি বসতঘর থেকে মো. মাহবুবুর রহমান ওরফে মাহফুজ (২৯) এবং মাহিম রহমান (২২) নামের দুই ব্যক্তির হেফাজত থেকে ২১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য শিশা, শিশা সেবনের একটি হুক্কা ও একটি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।
এ ছাড়া একই এলাকায় পৃথক অভিযানে মো. নাছির মিয়া (৩৪) নামের এক ব্যক্তির বসতঘর ও দেহ তল্লাশি করে তাঁর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৩৩৯ পিস কমলা রঙের মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, অপর একটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় মো. আবির খান (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দের ঘটনায় টাঙ্গাইল সদর থানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলে প্রথমবারের মতো শিশা উদ্ধারের ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন