প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতকাল আসলে বাজারে বিভিন্ন ধরনের তাজা সবজি পাওয়া যায়। গাজর, ফুলকপি, বাঁধা কপি, মটরশুঁটি এবং শিম—এসব মৌসুমি সবজি ব্যবহার করে সহজেই তৈরি করা সম্ভব সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ। ঠাণ্ডা দিনে গরম গরম এক বাটি সবজির স্যুপ যেমন আরাম দেয়, তেমনি এটি প্রতিদিনের খাবারে বৈচিত্র্যও যোগ করে। ঘরেই অল্প সময়ে কিভাবে এই স্যুপ তৈরি করবেন, তা জানার জন্য নিচে সহজ রেসিপিটি দেওয়া হলো।
যেসব উপকরণ লাগবে
১টি মাঝারি আকারের গাজর, কুচি করা
আধা কাপ শিম, ছোট টুকরা করা
এক-চতুর্থাংশ কাপ মটরশুঁটি
আধা কাপ বাঁধাকপি কুচি
১টি ছোট পেঁয়াজ কুচি
১টি ছোট টমেটো কুচি
২ কোয়া রসুন কুচি
আধা ইঞ্চি আদা কুচি
১ টেবিল চামচ অলিভ অয়েল
৩ কাপ সবজির স্টক অথবা পানি
আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া
আধা চা-চামচ জিরার গুঁড়া
স্বাদমতো লবণ
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
যেভাবে তৈরি করবেন
১. সবজি প্রস্তুত করুন : প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গাজর, শিম, বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট করে কেটে ফেলুন। এর ফলে সবজি দ্রুত সিদ্ধ হবে।
২. মসলা কশিয়ে নিন : একটি পাত্রে অলিভ অয়েল গরম করে তাতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি যোগ করুন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়ে নিতে হবে। তবে বাদামি করে ভাজবেন না।
৩. সবজি যোগ করুন : এবার পাত্রে গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে রান্না করুন। এতে সবজির স্বাভাবিক স্বাদ বের হয়ে আসবে।
৪. স্যুপ রান্না করুন : সবজির সঙ্গে টমেটো, সবজির স্টক বা পানি, জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে দিন। পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রান্না করতে হবে। সবজি নরম হয়ে এলে বুঝবেন স্যুপ প্রস্তুত।
৫. পরিবেশন করুন : চুলা বন্ধ করার আগে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। প্রয়োজন হলে লবণ ও মসলার স্বাদ ঠিক করে নিন। এরপর গরম গরম স্যুপ পরিবেশন করুন টোস্ট করা পাউরুটির সঙ্গে।
নিজের পছন্দ অনুযায়ী স্যুপে আরো মৌসুমি সবজি যোগ করা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন