প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ব্রাজিল নিজেদের দখলে রেখেছে দুই ম্যাচের সিরিজ। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪২৩ জন সকারুস দর্শকের উল্লাস সেলেসাওদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধে ২-২ সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণাত্মক খেলার ধারায় ম্যাচটি নিজেদের করে নেয় রাফিনহারা।
এবিসি অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের শুরুতেই ব্রাজিল চমক দেখায়। মাত্র ৩ মিনিটের মাথায় একটি চমৎকার বিল্ড-আপ থেকে লক্ষ্যভেদ করে দলের জন্য এগিয়ে যান ডিফেন্ডার ভ্যান্ডারসন।
তবে শুরুতে এই ধাক্কা সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে টনি পোপোভিকের অস্ট্রেলিয়া। ম্যাচের ২৮ মিনিটে আলেসান্দ্রো সিরকাটি গোলে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।
কনর মেটকালফের নিখুঁত ক্রস থেকে দারুণ ফ্লিকে অস্ট্রেলিয়াকে ১-১ সমতায় ফেরান আলেসান্দ্রো সার্কাটি। শুরুর দিকে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে।
সমতায় ফেরার মাত্র ৫ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের এক দর্শনীয় দূরপাল্লার শটে সকারুজদের ২-১ ব্যবধানে লিড এনে দেন মিডফিল্ডার কনর মেটকালফে।
প্রথমার্ধের শেষ মিনিটে, বক্সের ভেতরে দানিলো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে ব্রাজিল পেনাল্টি পায়। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচ ২-২ সমতায় নিয়ে আসেন রাফিনহা।
দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির দল আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় এন্ড্রিকের বাড়ানো পাস থেকে দারুণ এক মাইনাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান অধিনায়ক ব্রুনো গিমারায়েস। এতে ৩-২ ব্যবধানে লিড পুনরুদ্ধার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করা হলে ম্যাচ রেফারি ব্রাজিলের পক্ষে দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত দেন। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফলে ৪-২ গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন