প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুরোধের কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর গানে কণ্ঠ দিয়েছেন। গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে প্রকাশিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে এড শিরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এই গানের মাধ্যমে এড শিরান বলিউডে সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটালেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) এড শিরান নিজের ইনস্টাগ্রামে গানটি তৈরির পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি প্রথমবার শাহরুখের সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরে জানান, তাদের প্রথম সাক্ষাতেই শাহরুখ তাকে নিজের পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে বলেছিলেন। সেই অনুরোধের ফলস্বরূপ ‘কিং’ সিনেমার গানে যুক্ত হন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গানটি রেকর্ড করার মুহূর্তগুলো তুলে ধরেছেন এড শিরান। ভিডিওতে তাকে হিন্দি অংশেও গাইতে দেখা যায়। ভিডিওর সঙ্গে ‘তু মিল যায়ে’ গানের কিছু অংশও যুক্ত করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে এড শিরান লেখেন, ‘শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বলেছিলেন, তার পরবর্তী সিনেমার জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর আমাদের পরিচয় আরো গভীর হয়েছে। আমি তাকে ভালোবাসি।’
এড শিরান আরো জানান, ভারতে তার সর্বশেষ সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়েছিলেন। তিনি শাহরুখকে নিজের ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্যও অনুরোধ করেছিলেন। প্রথম সাক্ষাতের দিনেই শাহরুখ তাকে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেদিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের নিজের অংশটি লিখে রেকর্ড করেন এড শিরান।
গানটিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এড শিরানের ভাষায়, তার পছন্দের মানুষদের একসঙ্গে একই প্রকল্পে পেয়ে তিনি ভালো লাগছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে আরো অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। বিশেষ একটি নাচের দৃশ্যে দেখা যাবে কারিনা কাপুরকেও।
‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর আবারও শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ‘তু মিল যায়ে’ গানটিতে রোমান্টিক আবহের পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্যও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন