প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে তার অসাধারণ প্রতিভা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এবার ফুটবলের সীমা ছাড়িয়ে প্রকৃতির মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করলেন লিওনেল মেসি। পেরুর আন্দিজ পর্বতমালায় একটি নতুন উদ্ভিদের নামকরণ করা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে। নতুন প্রজাতির নাম হলো ‘সালভিয়া মেসি’ (Salvia messii)।
এই উদ্ভিদটির সন্ধান করেন আর্জেন্টিনার কৃষিবিদ রোলান্দো উরিয়া। নাগরিক বিজ্ঞান বিষয়ক একটি অনলাইন প্ল্যাটফর্মে উদ্ভিদটির অস্বাভাবিক কিছু ছবি দেখে তার মনে সন্দেহ জাগে। ছবিগুলো পরিচিত কোনো উদ্ভিদের সঙ্গে মিলে না। এরপর তিনি লিমার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেন।
পেরুর উদ্ভিদবিজ্ঞানী পাউল গনসালেস আরসে এবং জ্যাঁ কাপচা রামোসকে নিয়ে উরিয়া গবেষণা শুরু করেন। তারা কয়েক বছর ধরে পুরনো নমুনাগুলো পরীক্ষা করেন। পাশাপাশি আন্দিজের পাহাড়ি ঢালে অনুসন্ধান চালান। এক পর্যায়ে তারা উদ্ভিদটির সন্ধান পান। প্রায় দেড় মিটার উচ্চতার এই গুল্মজাতীয় উদ্ভিদটি আগে কখনো আনুষ্ঠানিকভাবে শ্রেণিবদ্ধ করা হয়নি।
উদ্ভিদটির বৈজ্ঞানিক বিবরণ প্রকাশ করেছে Phytotaxa সাময়িকী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, যখন কোনো ব্যক্তিত্বের সম্মানে একটি প্রজাতির নামকরণ করা হয়, তখন বিজ্ঞানীরা একটি লাতিন ব্যাকরণগত নিয়ম অনুসরণ করেন, যেখানে পদবির শেষে একটি ‘আই’ (i) যোগ করা হয়। এর মানে হলো—‘মেসির উদ্ভিদ’। এর সাদা ও হালকা নীল পাপড়ি আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
এই উদ্ভিদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতার নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে জন্মায়। বনাঞ্চলে আগুন এবং জলবায়ু পরিবর্তনের কারণে এর আবাসস্থল হুমকির মুখে রয়েছে। তাই বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে একে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করছেন।
এটি অবশ্য মেসির নামে প্রথম কোনো জীবের নামকরণ নয়। এর আগে তাঁর নামে নামকরণ করা হয়েছে ‘সেরকোপেমসেস মেসি’ (Cercopemyces messii) ছত্রাক, ‘আকান্থোগোনাটাস মেসি’ (Acanthogonatus messii) মাকড়সা, ‘লিওলায়েমুস মেসি’ (Liolaemus messii) গিরগিটি, প্রাগৈতিহাসিক ‘ভালচার মেসি’ (Vultur messii) শকুন এবং ‘ডিস্কনিস্কা মেসি’ (Discinisca messii) ঝিনুকের মতো দেখতে প্রাগৈতিহাসিক খোলসি প্রাণী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন