প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ক্লাসরুমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। সিলিং ফ্যান ভেঙে পড়ার ফলে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজা গুরুতর আহত হয়েছে। সে দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। আহত আমির হামজাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একই সময়ে, একই ক্লাসের অর্ক নামের আরেক শিক্ষার্থীও আহত হয় এবং তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে যায়। চলন্ত ফ্যানের পাখার আঘাতে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমির হামজার নাকে এবং চোখে গুরুতর আঘাত লাগে। একই সময়ে অর্ক নামের আরেক শিক্ষার্থীও আঘাতপ্রাপ্ত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল জানান, বিদ্যালয়ের টিম সেটের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে এবং সামান্য বৃষ্টিতে পানি পড়ে। পূর্বে কিছু মেরামত করা হলেও তা কার্যকর হয়নি। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই পুরাতন জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।
প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক লুৎফর রহমান জানান, আজ অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণীর ক্লাসের ফ্যান ভেঙে নিচে পড়ে যায়। ফ্যানের পাখার আঘাতে দুজন ছাত্র আহত হয়। বিদ্যালয়ের এই ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই ভবনটি মেরামতের জন্য আবেদন করা হয়েছে। ভবনটি দ্রুত মেরামত করা প্রয়োজন, অন্যথায় আবারও এ ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে এর আগে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বাজেট দুইবার এসেছিল, কিন্তু জমি সংক্রান্ত জটিলতার কারণে সেই টাকা ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভিতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রাথমিক এবং হাই স্কুলের যৌথ ব্যবহারের জন্য তিনটি রুম আমাদের প্রাইমারি স্কুলের জন্য বরাদ্দ ছিল, কিন্তু হাই স্কুল কর্তৃপক্ষ তা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীরা ওই ভবনে ক্লাস করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আজ কথা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানের জরাজীর্ণ টিনশেড ভবনটি ১৯৮৬ সালে নির্মাণ করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই শতাধিক। তবে শিক্ষকদের দাবি, এই জরাজীর্ণ ভবনের কারণে অতীতের তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন