১১:১১ এম
রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উল্লেখ করেছেন, রাশিয়ার পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তাদের এবং জ্বালানি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে পুতিন এই হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ অগ্রাহ্য করে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
পুতিন বলেন, ‘আমরা লক্ষ্য করছি, কিয়েভ সরকার আমাদের তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসব হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইউক্রেনের কর্তৃপক্ষ সেই পরামর্শকে উপেক্ষা করছে। এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’
আরও পড়ুন: গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে
তিনি আরও যোগ করেন, জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দুটি শিল্প খাতের সূত্র জানায়, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে।
ইউক্রেনের হামলা বৃদ্ধি পাওয়ার ফলে রাশিয়ার কয়েকটি অঞ্চলে খুচরা পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে পুতিন জানিয়েছেন, দেশের জ্বালানি বাজারে কিছুটা সংকট থাকলেও অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর পেট্রলের দাম স্থিতিশীল রয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাতে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধের উদ্যোগের কথা জানান। এরপর ইউক্রেনের হামলা কিছুটা কমলেও মাসের শেষ দিকে আবার তা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন