প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের জ্বালানি সংকটের সমাধানের লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে সরকার তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে। এর মধ্যে একটি টার্মিনাল সমুদ্র উপকূলে এবং বাকি দুটি মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ টার্মিনাল হিসেবে নির্মিত হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধি দলটি মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মুখ্য সচিব একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, "জ্বালানি সংকট নিরসনে মহেশখালীতে তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।"
মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, "ক্ষতিগ্রস্তদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।"
এছাড়া তিনি আরও উল্লেখ করেন, "বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।"
বিগত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে মুখ্য সচিব বলেন, "নতজানু পররাষ্ট্রনীতির কারণে আগের সরকারের আমলে এসব প্রকল্প তেমন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দ্রুত প্রকল্পগুলোর কাজ শেষ করতে কাজ করছে।"
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হোসেনসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন