প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের গ্রুপ ‘বি’তে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। টানা দুই জয় নিয়ে ছয় পয়েন্ট অর্জন করেছে এসইউ, এফআইইউকে তারা ৭ উইকেটে পরাজিত করেছে।
বুধবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে মামুলি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ফারইস্ট।
নির্ধারিত ২০ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ হয় ১২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁওয়ের শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে তারা কিছুটা চাপে পড়ে যায়।
তবে সেই চাপ কাটিয়ে ওঠার জন্য চতুর্থ উইকেটে আলাউদ্দিন মোনা ও তানভীর হোসেন অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন মোনা। তার সঙ্গে ২৮ বলে অপরাজিত ২১ রান করেন তানভীর। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে জয় নিশ্চিত করে সোনারগাঁও ইউনিভার্সিটি। হাতে ছিল ২১ বল।
ফারইস্টের হয়ে তালহা জুবায়ের ২টি এবং আশিকুর রহমান ১টি উইকেট লাভ করেন। এবি জীবনের দুর্দান্ত বোলিং ও আলাউদ্দিন মোনার অপরাজিত ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপের বি গ্রুপে টানা দুই জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন জীবন। ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন এবি জীবন।
ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসের মাধ্যমে।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন