প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
আজ রোববার এক গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ জানিয়েছেন, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়ার কথাও তারা উল্লেখ করেছেন। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের দায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করা আবশ্যক।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী মন্তব্য করেন, অপরাধ সংঘটিত হওয়ার পর যদি দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়। এতে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা কমে যায়। তিনি বলেন, ইসলাম মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। অপ্রতিমের এই ঘটনা আমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। আইন প্রয়োগের পাশাপাশি পরিবারে নৈতিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে চরিত্র গঠন এবং সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করা অত্যন্ত জরুরি।
সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। নিহত অপ্রতিমের শোকসন্তপ্ত মা-বাবা, পরিবার ও স্বজনদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে ওলামা অ্যালায়েন্সের নেতৃবৃন্দ আরও বলেন, ইসলাম মানুষের জীবন, সম্মান ও নিরাপত্তাকে অত্যন্ত মর্যাদা দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো প্রাণকে প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।
অতএব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, কোনো অপরাধী যেন কোনো অবস্থাতেই আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু যেন বিচারহীনতার আরেকটি উদাহরণ না হয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ সমাজ গঠনের জন্য রাষ্ট্র ও সমাজের দায়িত্ববোধকে আরও জোরদার করার উপলক্ষ হয়ে ওঠে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ অপ্রতিমকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন