প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ, যা প্রান্তিক পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। এই প্রশিক্ষণ ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর আওতায় পটিয়া উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে পটিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তৌহিদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত ১০টি প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনা, পরিকল্পনা, গ্রাহক ব্যবস্থাপনা, উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আয়-উপার্জনের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান মন্তব্য করেন, ‘প্রান্তিক পেশাজীবীরা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে পারলে শুধু ব্যক্তিগত আয় নয়, পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।’ তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ব্যবসায় কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘শুধু আর্থিক সহায়তা নয়, একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে টেকসইভাবে এগিয়ে নিতে সঠিক পরিকল্পনা, দক্ষতা, বাজার সম্পর্কে ধারণা এবং গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির সক্ষমতা প্রয়োজন। সফট স্কিলস প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের এসব বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা মূল্যায়নের পাশাপাশি সম্ভাবনাময় ব্যবসা চিহ্নিত করা, ব্যয়ের খাত নির্ধারণ, বাজারের চাহিদা বোঝা এবং ব্যবসার পরিধি বাড়ানোর কৌশল সম্পর্কে জানতে পারবেন।
পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ‘পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পের আওতায় উপজেলার ১০টি প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
এছাড়া, আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই জীবনমান নিশ্চিত করাও এই উদ্যোগের লক্ষ্য।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের পরিচিতি, জড়তা দূরীকরণ ও প্রশিক্ষণ প্রত্যাশা নির্ধারণের পাশাপাশি সফল ব্যবসায়ীদের গল্প, ব্যবসায়িক কাউন্সেলিং, পেশাগত দক্ষতা উন্নয়ন ও ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী সেশনগুলোতে ব্যবসার ধরন ও ব্যবসা নির্বাচনের কৌশল, উদ্যোক্তার ধারণা, সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য এবং সমস্যা সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।
প্রশিক্ষণে বক্তৃতানির্ভর পদ্ধতির পাশাপাশি দলীয় কাজ, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময়, অ্যাক্টিভিটি শিট ও ব্রেইনস্টর্মিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে তাঁরা নিজেদের ব্যবসার বাস্তব সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার সুযোগ পাচ্ছেন।
প্রশিক্ষণে কোর্স উপদেষ্টা হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কোর্স পরিচালক হিসেবে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১০ দিনের প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীকে আর্থিক অনুদান দেওয়া হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের আয় বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন