প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী প্রবীণ ব্যবসায়ী ওবায়দুল হক ফাসাদ সরকারের মৃত্যু ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তরফদার বাড়ি এলাকায় নিজ বাড়িতে ভিমরুলের আক্রমণে তিনি গুরুতর আহত হন। নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার ওই এলাকার মৃত উমেদ আলী সরকারের পুত্র ছিলেন।
তিনি জোনাইল বাজারে হার্ডওয়ার ও মেশিনারিজের ব্যবসা পরিচালনা করতেন। স্থানীয়ভাবে তিনি চারণ কবি ফাসাদ সরকার নামেও পরিচিত ছিলেন, এবং ‘ছন্দে রাজা’ নামে খ্যাতি অর্জন করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফাসাদ সরকার বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দেয়, যা তিনি তাড়িয়ে দেন। এরপর অসংখ্য ভিমরুল এসে তাকে আক্রমণ করে, ফলে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে, তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। এরপর স্বজনরা তাকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন, যেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহতের ভাতিজা এবং উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকালে জোনাইল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান বলেন, ভিমরুলের আক্রমণে আহত ওবায়দুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিমরুলের কামড়ে ওবায়দুল হক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন