প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন নতুন করে দেখা দিয়েছে। দেড় মাসের ব্যবধানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ও শুক্রবার (২৭ নভেম্বর) পদ্মার ডানতীর রক্ষা বাঁধের শেষপ্রান্তে এই ভাঙন দেখা দেওয়ায় ব্যবসায়ীরা নতুন উদ্বেগে পড়েছেন।
এর আগে গত ১ অক্টোবর সেখানে হঠাৎ ভাঙন দেখা দিলে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীতে ধসে পড়ে এবং মাছ বাজারের অন্তত ২০টি দোকান বিলীন হয়ে যায়। তখন আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নিতে বাধ্য হন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরিভিত্তিতে প্রায় ২ কোটি টাকা খরচ করে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল।
শুক্রবার বিকালে সরেজমিনে দেখা যায়, সুরেশ্বর মাছঘাটের পূর্ব ও পশ্চিম পাশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আগে ফেলা জিও ব্যাগের অধিকাংশই নদীতে তলিয়ে গেছে। কোথাও কোথাও সামান্য কিছু জিও ব্যাগের অস্তিত্ব দেখা গেলেও বাঁধ নির্মাণে ব্যবহৃত ব্লকও নদীতে বিলীন হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার ও শুক্রবারে এলাকায় নতুন করে ভাঙন দেখা দেয়।
মাছের আড়তদার রবিন মুন্সী বলেন, "সুরেশ্বর মাছঘাটের ব্যবসাটি আমার দাদার আমলের। পরে বাবার পথ ধরে আমিও এখানে ব্যবসা করছি। সব মিলিয়ে আমাদের পরিবারের প্রায় ৪৫ বছরের মাছের ব্যবসা। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মাছ বিক্রি করি। গত মাসে বাজারের মাঝামাঝি বড় একটি অংশ ভেঙে গেলে পাউবো জিওব্যাগ ফেলে। তিন দিনের বৃষ্টিতে আবারও ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জিওব্যাগগুলো নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো মাছ বাজারটি আর থাকবে না।"
জেলে রশিদ ঘরামি জানান, প্রতিদিন ভোরে তারা মাছ নিয়ে সুরেশ্বর বাজারে আসেন এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত কেনাবেচা চলে। এ বাজারে দিনে অন্তত কোটি টাকার মাছ বিক্রি হয়। কয়েকশ জেলে, ক্রেতা, বিক্রেতা ও আড়ত শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এ বাজারকে ঘিরে। ভাঙনের কারণে তাদের জীবিকার জায়গাটি এখন চরম ঝুঁকিতে পড়েছে।
শরীয়তপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, "সাম্প্রতিক বন্যায় সুরেশ্বর এলাকায় বাঁধের প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যার পানি বৃদ্ধি ও নদীর তলদেশে গভীরতা বেড়ে যাওয়াই এর কারণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে ১৫ দিনের মধ্যে ১৩৫ মিটার এলাকাজুড়ে ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়।"
প্রকৌশলী সজল পারভেজ আরও বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবার পদ্মায় স্রোত ও পানির উচ্চতা বেড়েছে। এতে গত কয়েক দিন ধরে সুরেশ্বর মাছঘাট এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে আগে ফেলা জিওব্যাগগুলো স্রোতে তলিয়ে গেছে। এখন ওই অংশের জন্য নতুন নকশা তৈরি করে কাজ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন