ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বোতলে প্রস্রাব ভরা বাড়িতে পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা


বোতলে প্রস্রাব ভরা বাড়িতে পরিবারের ৮ জনকে হত্যা করলেন বাবা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে একই পরিবারের আটজনকে হত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে। ৪৫ বছর বয়সী ম্যাথিউ স্টোন, যিনি পরিবারের প্রধান, নিজের বাড়িতে স্ত্রী, সন্তানসহ আটজনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেন। ওই বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। শৌচাগার ও বেসিন সঠিকভাবে কাজ করছিল না। পুরো বাড়িতে প্রস্রাবভর্তি দুই লিটারের বোতল ছড়িয়ে ছিল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, তদন্তকারীরা বাড়িটিকে অত্যন্ত নোংরা অবস্থায় আবিষ্কার করেছেন। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পেরি স্ট্রিটের ওই বাড়িতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ম্যাথিউ দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। পরিবারের সদস্যদের অর্থ ব্যবহারের সিদ্ধান্ত তিনিই নিতেন। কখন তারা বাড়ির বাইরে যেতে পারবেন বা আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে পারবেন, সেটিও তিনি নিয়ন্ত্রণ করতেন।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

পুলিশপ্রধান জানান, স্বজনদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, ম্যাথিউয়ের নিয়ন্ত্রণমূলক আচরণ বহু বছর ধরে চলছিল। স্ত্রী মিশেল স্টোন প্রথম সন্তানের মা হতে যাওয়ার পর থেকে তার আচরণ আরও কঠোর হয়ে ওঠে। সময়ের সাথে পরিবারের অন্যান্য আত্মীয়দের সঙ্গে যোগাযোগ কমে যায়। মিশেলও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

পুলিশের কাছে ওই বাড়িতে পারিবারিক সহিংসতার পূর্বের একটি ঘটনার নথি ছিল। ২০১৯ সালে ৪০ ক্যালিবারের একটি আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ম্যাথিউকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তার স্ত্রী মিশেল অভিযোগের পক্ষে সহযোগিতা না করায় মামলাটি আর এগোয়নি।

পুলিশপ্রধান রিক লোরাহ জানিয়েছেন, ২০১৯ সালের ওই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিই শুক্রবারের (৯ অক্টোবর) হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে তদন্তে জানা গেছে। প্রাথমিক শুনানিতে মিশেল তার পূর্বের বক্তব্য পরিবর্তন করায় অভিযোগগুলো প্রত্যাহার করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ওই ঘটনা ছাড়া ম্যাথিউয়ের বিরুদ্ধে আর কোনো অপরাধের ইতিহাস ছিল না। সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতার কোনো অভিযোগও তাদের কাছে জমা পড়েনি। আইন অনুযায়ী, তার কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিও ছিল।

আরও পড়ুন: ঋণ কমাবেন, সামাজিক ব্যয় কমাবেন না: ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও

এরি শহরের পুলিশপ্রধান ও মেয়র ডারিয়া ডেভলিন জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে ম্যাথিউয়ের সঙ্গে শহরের বিভিন্ন সংস্থার যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পরিবারের সংকটের বিষয়টি আগে শনাক্ত করে কেউ হস্তক্ষেপ করতে পারতেন কি না, সেটিও তদন্তের অংশ হবে।

মেয়র বলেন, পরিবারটি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তা বোঝার কোনো সুযোগ ছিল কি না এবং সংশ্লিষ্ট ব্যবস্থাগুলো ভিন্নভাবে সাড়া দিতে পারত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ভবিষ্যতে যেন সংকটে থাকা পরিবারগুলো সহায়তার বাইরে থেকে না যায়, সে বিষয়েও কাজ করার কথা জানান তিনি।

এই হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে রয়েছেন ম্যাথিউয়ের ৪৪ বছর বয়সী স্ত্রী মিশেল স্টোন, ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মেয়ে অ্যাঞ্জেলিনা কে. স্টোন, ২১ বছর বয়সী ছেলে ম্যাথিউ স্টোন জুনিয়র এবং ১৯ বছর বয়সী ছেলে জোনাথন স্টোন।

এছাড়া ম্যাথিউয়ের শ্যালিকা ৩৭ বছর বয়সী লোরা লি রবার্টস এবং তার বন্ধু ৫১ বছর বয়সী টুইলা এ. ট্যানার নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও দুই শিশুও প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি ছেলে এবং প্রায় দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন: লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি

অ্যাঞ্জেলিনার সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল সোমবার (১৯ অক্টোবর)। হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করতে তিনি লোরা ও টুইলাকে বাড়িতে আসতে বলেছিলেন। তাদের বাড়িতে আসার পরই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশপ্রধান জানান, অ্যাঞ্জেলিনা আগেই বার্তায় জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়ার পর তিনি পরিবারের বাড়ি ছেড়ে চলে যেতে চান। হত্যাকাণ্ডের পর তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা ব্যাগ ও বাক্সে ভরা অনেক জিনিসপত্র পান। এতে ধারণা করা হচ্ছে, বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

বাবার সঙ্গে সম্পর্ক থেকে নিজেকে আলাদা করতেও অ্যাঞ্জেলিনা নিজের পদবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। ওই আবেদনের সঙ্গে দেওয়া হলফনামায় তিনি বাবার মানসিক স্বাস্থ্যের অবনতির বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। পাশাপাশি চিকিৎসাক্ষেত্রে পেশা গড়ার ইচ্ছার কথা জানিয়ে বলেন, বাবার সঙ্গে সম্পর্কের কারণে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো প্রভাব পড়ুক, তা চান না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবারের (৯ অক্টোবর) হত্যাকাণ্ডের পর ম্যাথিউ নিজের গুলিতে মারা যান। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু মিথ্যাবাদী, ফিলিস্তিনি শিশুদের রক্ত তার হাতে’

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


লন্ডনের রাস্তায় পড়ে ছিলেন আমিরাতের ‘রাজপরিবারের পুত্রবধূ’, অতঃপর ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গেছেন আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত মাহরাহ আল নাহিয়ান। ৩২ বছর বয়সী ওই নারীর পাশে তখন অযত্নে পড়ে ছিল একটি তিন বছর বয়সী শিশু।

মাহরাহ এই ঘটনার জন্য দোষ স্বীকার করেছেন। যুক্তরাজ্যের আদালত তাকে দুই বছরের পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত সড়কে অচেতন অবস্থায় মাহরাহকে পাওয়া যায়। তার সঙ্গে থাকা তিন বছরের শিশুটি তখন জুতা ছাড়াই সড়কের পাশে খেলছিল। কাছাকাছি এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পথচারীরা শিশুটিকে একা এবং চলন্ত যানবাহনের কাছাকাছি দেখে এগিয়ে আসেন। পুলিশ আসার আগ পর্যন্ত তারাই শিশুটির দেখাশোনা করেন।

প্রতিবেদন অনুযায়ী, কোকেন সেবনের পর প্রায় আধা ঘণ্টা মাহরাহ সাড়া দিচ্ছিলেন না। জ্ঞান ফেরার পর তিনি বলেন, “এটি কোনো কসাইখানা নয়। আপনারা এতটা মাথা ঘামাচ্ছেন কেন? এত চিন্তিত কেন?”

পরে তল্লাশির সময় তার কাছে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। ঘটনার পর তাকে ইংল্যান্ডের সারেতে ওকিংয়ের প্রিয়রি ক্লিনিকে আসক্তির চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

গত মঙ্গলবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মাহরাহ। তিনি বিয়ের সূত্রে আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত। প্রতি মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পান তিনি। তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আদালতে সরকারি কৌঁসুলি রিও পাহলাভানপুর বলেন, শিশুটিকে জুতা ছাড়া রাস্তায় একটি স্কুটারের সঙ্গে একা ঘুরতে দেখা যায়। শিশুটি চলন্ত যানবাহনের খুব কাছাকাছি থাকায় পথচারীরা হস্তক্ষেপ করেন।

অন্যদিকে, মাহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি বলেন, তার মক্কেল ওই দিনের ঘটনাকে ‘গুরুতর ভুল’ হিসেবে স্বীকার করেছেন। তবে আইনজীবীর দাবি, যেদিন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি মাদক গ্রহণ করেননি; বরং আগের কয়েক দিনে মাদক গ্রহণের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন।

আইনজীবী আরও জানান, নিজের আসক্তি কাটিয়ে উঠতে মাহরাহ অনুতপ্ত এবং চিকিৎসা সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তিন মাসের পুনর্বাসন কর্মসূচির সব ধাপ শেষ করার পরিকল্পনা করছেন। চলতি মাসের শেষ নাগাদ কর্মসূচিটি শেষ হওয়ার কথা।

ভবিষ্যতে গিল্ডফোর্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখান থেকে দিনের বেলায় চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আদালত মাহরাহকে দুই বছরের কমিউনিটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামাজনের নতুন এআই ডিভাইস সারা দিনের কথা শুনে কাজ মনে করিয়ে দেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


অ্যামাজনের নতুন এআই ডিভাইস সারা দিনের কথা শুনে কাজ মনে করিয়ে দেবে

অ্যামাজন নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিভাইস উন্মোচন করেছে, যা সারা দিনের কথোপকথন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে, করণীয় কাজের কথা মনে করিয়ে দিতে এবং দৈনন্দিন তথ্যের ভিত্তিতে পরামর্শ দিতে সক্ষম। ‘বি’ (Bee) ব্র্যান্ডের অধীনে আনা ডিভাইস দুটি হলো ‘ফ্রন্টিয়ার’ নামের একটি ব্রেসলেট এবং ‘ইক্লিপস’ নামের একটি স্মার্টফোন আনুষঙ্গিক যন্ত্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টেকক্রাঞ্চ ডিসরাপ্ট সম্মেলনে অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানাই ডিভাইস দুটি উন্মোচন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ফ্রন্টিয়ারের মূল্য ৭৫ ডলার এবং ইক্লিপসের মূল্য ১০০ ডলার।

সারা দিনের তথ্য থেকে দেবে অনুস্মারক

ফ্রন্টিয়ার দেখতে একটি ব্রেসলেটের মতো। অন্যদিকে, ইক্লিপসের ডিজাইন ছোট এবং বহনযোগ্য ম্যাগনেটিক চার্জারের মতো। এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে।

অ্যামাজনের দাবি, ডিভাইস দুটি ব্যবহারকারীর ক্যালেন্ডার, বিভিন্ন অ্যাপ এবং দৈনন্দিন অন্যান্য তথ্য একত্র করে প্রয়োজনীয় অনুস্মারক ও এআই-ভিত্তিক পরামর্শ দিতে সক্ষম। ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ বিষয়, করণীয় কাজ এবং অন্যদের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দিতে পারবে এগুলো।

পানাই মন্তব্য করেন, ডিভাইসগুলো চালু থাকলে সারা দিনের কথোপকথন শুনতে পারে। ফলে ব্যবহারকারীকে প্রতিটি কাজের জন্য আলাদা করে অনুস্মারক তৈরি করতে হবে না। এটি দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখতে সহায়ক হতে পারে।

গোপনীয়তা নিয়ন্ত্রণের সুবিধা

ডিভাইস দুটি চালু থাকলে কথোপকথন শুনতে পারে, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে। অ্যামাজন জানিয়েছে, ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবেন কখন ডিভাইস চালু বা বন্ধ থাকবে। এছাড়া, সংরক্ষিত তথ্য থেকে তৈরি পরামর্শ এবং আগের কথোপকথন মুছে ফেলার সুযোগও থাকবে। কোম্পানির দাবি, তারা অডিও সংরক্ষণ করে না।

বি ডিভাইসে তথ্য ১৪ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। তবে মাসে ১২ ডলারের সাবস্ক্রিপশন নিলে এই সময়সীমা বাড়ানো সম্ভব। ডিভাইসগুলো অ্যামাজনের সাবস্ক্রিপশনভিত্তিক জেনারেটিভ এআই ভয়েস সেবা অ্যালেক্সা প্লাসের সঙ্গেও যুক্ত করা যাবে।

অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ধারণ করা কথোপকথন কর্মীরা শুনেছেন—২০১৯ সালে এমন প্রতিবেদন প্রকাশের পর গোপনীয়তা নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে একটি শ্রেণিগত মামলা চলছে। তবে কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে অ্যামাজন।

প্রতিযোগিতায় মেটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে।

এআই-চালিত পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে অ্যামাজনের নতুন ডিভাইসগুলোকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এ ক্ষেত্রে মেটার এআই-চালিত পেনড্যান্ট এবং ক্যামেরা ও বিভিন্ন সেন্সরযুক্ত স্মার্ট চশমা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী। এছাড়া, বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠানও কথোপকথন ধারণ এবং ব্যবহারকারীর হয়ে কাজ করতে সক্ষম এমন ডিভাইস তৈরি করছে।

সাম্প্রতিক সময়ে অ্যামাজন একের পর এক নতুন গ্যাজেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। উন্নত মান ও স্থায়িত্বের পণ্যের জন্য বেশি অর্থ খরচ করতে আগ্রহী ক্রেতাদের আকৃষ্ট করাই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

গত সপ্তাহে প্রতিষ্ঠানটি নতুন ট্যাবলেট আনার ঘোষণা দেয়, যেগুলোর দাম আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ তিন গুণ। এদিকে, চলতি বছরের শুরুতে রয়টার্স জানিয়েছিল, ব্যর্থ ফায়ার ফোন বাজারে আনার প্রায় এক দশক পর আবার স্মার্টফোনের বাজারে ফেরার বিষয়টি বিবেচনা করছে অ্যামাজন।

নতুন এআই ডিভাইসগুলোর মাধ্যমে দৈনন্দিন কাজ সহজ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কি না, সেটিই হবে অ্যামাজনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারি ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ, ১৪ ঘণ্টায়ও মেলেনি মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


মাদক কারবারি ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ, ১৪ ঘণ্টায়ও মেলেনি মুক্তি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের মাদক উদ্ধারের অভিযানে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য। আটকের প্রায় ১৪ ঘণ্টা পরও তাদের মুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সুরাহা হয়নি।

শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত আটক দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে ছিলেন। তাদের দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল।

আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারের অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা এক মাদক কারবারির উপস্থিতি টের পান।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতের স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর থেকে দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে রয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

ওসি মো. ফারুক হোসেন বলেন, “আলোচনা এখনো চলমান রয়েছে। দুপুর ১টার দিকে তাদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই দেশের প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন

ইরাকে প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে ১১টি মন্ত্রীর পদ এবং তিনজন উপপ্রধানমন্ত্রীর নিয়োগ অনুমোদন করা হয়েছে, যা আগে শূন্য ছিল। তবে নতুন সরকারের সামনে অর্থনৈতিক সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে দেশটির রাজস্ব আয় কমে গেছে, ফলে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে।

অনুমোদন পাওয়া মন্ত্রীদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী নায়েফ আল-শাম্মারি, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াসির আল-মালিকি, পরিকল্পনামন্ত্রী, সংস্কৃতিমন্ত্রী এবং উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণামন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন। তবে অভিবাসন ও বাস্তুচ্যুতি মন্ত্রণালয়ের জন্য মনোনীত প্রার্থী নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এ পদে নিয়োগের বিষয়ে ভোট স্থগিত করা হয়েছে।

পার্লামেন্ট তিন উপপ্রধানমন্ত্রীর নিয়োগও অনুমোদন করেছে। তাদের মধ্যে একজন লাইথ আল-খাজালি, যিনি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আসাইব আহল আল-হকের জ্যেষ্ঠ নেতা এবং সংগঠনটির প্রধান কায়েস আল-খাজালির ভাই। ২০২০ সালে যুক্তরাষ্ট্র আসাইব আহল আল-হককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সংগঠনটির দুই ভাইকেও ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছে ওয়াশিংটন। ২০০৭ সালে পাঁচ মার্কিন সেনাকে হত্যার ঘটনায় সংগঠনটির হামলাসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৯ সালে ইরাকে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে দুই ভাইয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর প্রধানমন্ত্রী আল-জাইদি একটি বিবৃতিতে পার্লামেন্টকে ধন্যবাদ জানান। তিনি উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উদ্দেশে বলেন, সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আল-জাইদি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের কারণে তৈরি হওয়া ব্যতিক্রমী অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তার সরকার দ্রুত ও নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি এ যুদ্ধ শুরু হয়।

চলমান সংঘাতের কারণে ইরাকে নগদ অর্থের তীব্র সংকট দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর আগে দেশটি হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এ তেল রপ্তানি থেকে সরকারের মোট রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত। যুদ্ধের কারণে সেই আয়ের ওপর চাপ তৈরি হয়েছে। আল-জাইদি বলেছেন, ‘এই যুদ্ধ ইরাকের ওপর অসাধারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ চাপিয়ে দিয়েছে এবং এখনো দিচ্ছে।’

সরকারি কর্মচারীদের বেতন ও জরুরি ব্যয় মেটাতে ইরাকি দিনারের অবমূল্যায়ন করেছেন সাবেক ব্যাংকার আল-জাইদি। মার্কিন ডলারের বিপরীতে দিনারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে। গত মে মাসে দায়িত্ব নেওয়ার সময় তার সরকার ২০৮ ট্রিলিয়ন ইরাকি দিনারের বেশি সরকারি ঋণ উত্তরাধিকারসূত্রে পেয়েছে বলে জানিয়েছেন আল-জাইদি। নতুন বিনিময় হার অনুযায়ী, এ ঋণের পরিমাণ প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলার। এ তথ্য সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

আল-জাইদির ভাষ্য, সরকারি কর্মচারীদের বেতনসহ গুরুত্বপূর্ণ ব্যয় মেটাতে প্রতি মাসে প্রায় ১০ ট্রিলিয়ন দিনার বা ৬৭০ কোটি ডলার প্রয়োজন। অর্থনৈতিক সংকট মোকাবিলার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং জাতীয় সার্বভৌমত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন আল-জাইদি। তিনি দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করার কথাও বলেছেন। নতুন সরকারের সামনে অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চ্যালেঞ্জও রয়েছে।

তীব্র অর্থসংকটে ইরাক

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%