প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকার একটি গ্যারেজে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়ার ফলে সেখানে রাখা একটি বাস সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দরগা খানকা শরীফের মোড়ের রাজ্জাকের গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, তাদের আসার আগেই বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম আতিফ এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিয়েছে।" তবে, পুলিশ এখনও নিশ্চিত নয় যে, এ ঘটনার পিছনে আসলে কারা রয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ধারণা করা হচ্ছে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। এমনকি ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় ডাকা হয়েছে। তিনি আসলে থানায় মামলা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন